কেন্দুয়ায় আ.লীগের বিদ্রোহী প্রার্থীর কার্যালয়ে হামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নেত্রকোনার কেন্দুয়া উপজেলার রোয়াইলবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে আওয়ামী লীগের ‘বিদ্রোহী’ প্রার্থী এস এম ইকবাল রুমীর নির্বাচনী কার্যালয়ে দলীয় প্রার্থীর সমর্থকেরা গত শনিবার হামলা চালিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। গত রোববার উপজেলার একটি ইউপিতে আওয়ামী লীগের ‘বিদ্রোহী’ ও আরেকটিতে স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের বিরুদ্ধে মামলা হয়েছে।

রোয়াইলবাড়ি ইউপিতে আওয়ামী লীগের ‘বিদ্রোহী’ প্রার্থী এস এম ইকবাল রুমী তাঁর কার্যালয়ে হামলা চালানোর অভিযোগে কেন্দুয়া থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন। গত শনিবার রাতে ক্ষমতাসীন দলের চেয়ারম্যান প্রার্থীর সমর্থকেরা এ ঘটনা ঘটায় বলে লিখিত অভিযোগে উল্লেখ করা হয়েছে। তবে এ অভিযোগ অস্বীকার করে আওয়ামী লীহের দলীয় প্রার্থী শেখ নাজমুল হকের সমর্থক ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিক। এ বিষয়ে কেন্দুয়া থানার ওসি অভিরঞ্জন দেব বলেন,‘ অভিযোগের বিষয়টি যাচাই করে দেখা হচ্ছে।’

কেন্দুয়া থানার পুলিশ জানায়, আশুজিয়া ইউনিয়নের আওয়ামী লীগ-সমর্থিত চেয়ারম্যান প্রার্থী আবু তাহের বাদী হয়ে মামলা করেছেন। মামলায় গত শুক্রবার রাত নয়টার দিকে স্থানীয় বীরগঞ্জ বাজার এলাকায় নির্বাচনী প্রচারণার দলীয়প্রধানের ছবিসংবলিত নৌকা প্রতীকের ব্যানার ও ফেস্টুন ছিঁড়ে ফেলাসহ বিভিন্ন অভিযোগ আনা হয়েছে।

কেন্দুয়া থানার পুলিশ আরও জানায়, উপজেলার মাস্কা ইউপি নির্বাচনে আওয়ামী লীগ-সমর্থিত চেয়ারম্যান প্রার্থী আবদুছ ছালাম বাঙ্গালী বাদী হয়ে একটি মামলা করেছেন। এ মামলায় গত শুক্রবার রাতে দলীয় কার্যালয়ে হামলা, ভাঙচুরসহ বিভিন্ন অভিযোগ আনা হয়েছে।