কেন্দুয়ায় গলাকাটা লাশ উদ্ধার, স্ত্রী ও মেয়ে আহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নেত্রকোনার কেন্দুয়ায় শাহজাহান মিয়া নামের এক ব্যক্তির গলাকাটা লাশ গতকাল শনিবার উদ্ধার করেছে পুলিশ। ওই ব্যক্তির স্ত্রী ও মেয়েকেও কুপিয়ে জখম করা হয়েছে। পুলিশের ভাষ্যমতে, ওই ব্যক্তি তাঁর স্ত্রী ও মেয়েকে কুপিয়ে আহত করার পর আত্মহত্যা করেন।

শাহজাহান মিয়া (৪৫) বাড়ি উপজেলার গড়াডোবা ইউনিয়নের বাঁশাটিটাঙ্গুয়া গ্রামে। এ ঘটনায় তাঁর স্ত্রী আসমা আক্তার (৩৫) ও মেয়ে নবম শ্রেণির ছাত্রী হাদিছা আক্তার (১৫) আহত হয়েছেন। এঁদের মধ্যে আসমা আক্তারকে আশঙ্কাজনক অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাদিছাকে ঈশ্বরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

পরিবারের বরাত দিয়ে কেন্দুয়া থানার পরিদর্শক (তদন্ত) মিজানুর রহমান আকন্দ জানান, শাহজাহান মিয়া মানসিক ভারসাম্যহীন ছিলেন। এ কারণে প্রায়ই তাঁকে ঘরের ভেতরে শিকল দিয়ে বেঁধে রাখা হতো। গত শুক্রবার দিবাগত রাত আড়াইটার দিকে প্রাকৃতিক কাজ সারতে পরিবারের সদস্যদের সহায়তায় তিনি ঘরের বাইরে যান। এ সময় তাঁকে শিকলমুক্ত করা হয়েছিল। প্রাকৃতিক কাজ সারার পর তিনি ঘরের বাইরেই কুড়াল দিয়ে স্ত্রী ও মেয়েকে কোপান। এরপর তিনি ঘরের ভেতরে ঢোকেন। কিছুক্ষণ পর পরিবারের সদস্যরা গোঙানির শব্দ শোনেন। ভেতরে গিয়ে তাঁরা শাহজাহানের গলাকাটা লাশ দেখতে পান। তাঁদের চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে আসেন।

পরিদর্শক (তদন্ত) মিজানুর রহমান আরও জানান, খবর পেয়ে গতকাল সকালে পুলিশ ঘটনাস্থলে এসে শাহজাহানের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নেত্রকোনা সদর হাসপাতালের মর্গে পাঠায়। পুলিশ শাহজাহান মিয়ার লাশের পাশ থেকে দুটি দা জব্দ করেছে।

নেত্রকোনা সদর সার্কেলের দায়িত্বে থাকা বারহাট্টা সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) মামুন খান চিশতী  এএসপি মামুন খান চিশতী জানান, প্রাথমিকভাবে ঘটনাটি আত্মহত্যা বলে ধারণা হচ্ছে। তবে ঘটনা তদন্ত এবং ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পরই মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।