কেন্দুয়ায় ছাত্রদলের সঙ্গে সংঘর্ষে ১৩ পুলিশসহ আহত ২৫

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নেত্রকোনার কেন্দুয়া পৌর শহরে কর্মিসমাবেশকে কেন্দ্র করে ছাত্রদলের সঙ্গে সংঘর্ষে পুলিশের ১৩ জন সদস্যসহ ২৫ ব্যক্তি আহত হয়েছেন। গতকাল শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে আলীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। এ ঘটনায় পুলিশ ১০ জনকে আটক করেছে।
পুলিশের আহত সদস্যরা হলেন কেন্দুয়া থানার উপপরিদর্শক (এসআই) সঞ্জয় সরকার, আল আমীন, আবদুল কাদের, ছামেদুল হক ও আবুল বাশার, সহকারী উপপরিদর্শক (এএসআই) হেলাল আহমেদ এবং পুলিশ সদস্য সুমন মিয়া, মিজানুর রহমান, মো. জাকির হোসেন, সোহেল রানা, আবুল খায়ের, মো. রকিবুল ইসলাম ও আবদুল কদ্দুস। তাঁদের নেত্রকোনা সদর হাসপাতাল ও ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ছাত্রদলের আহত নেতা-কর্মীদের মধ্যে সংগঠনটির কেন্দ্রীয় সহসাংগঠনিক সম্পাদক শরিফুল হাসান রয়েছেন। বাকিদের পরিচয় পাওয়া যায়নি। তাঁরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
স্থানীয় বাসিন্দা, পুলিশ ও ছাত্রদল সূত্র জানায়, গতকাল আলীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে উপজেলা ছাত্রদল কর্মিসমাবেশের আয়োজন করে। সমাবেশ চলাকালে পুলিশ সেখানে গিয়ে বাধা দেয়। এ সময় ছাত্রদলের নেতা-কর্মী ও পুলিশ সদস্যদের মধ্যে কথা-কাটাকাটি হয়। এর একপর্যায়ে পুলিশ ছাত্রদলের কর্মীদের ধাওয়া করে। এতে ছাত্রদলের কয়েকজন নেতা-কর্মী আহত হন। এ সময় ছাত্রদলের কর্মীরা সংঘবদ্ধভাবে পুলিশের ওপর পাল্টা হামলা চালান। তাঁদের ছোড়া ইটপাটকেলে ১৩ জন পুলিশ সদস্য আহত হন। খবর পেয়ে অতিরিক্ত পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে এবং আহত পুলিশ সদস্যদের নেত্রকোনা সদর হাসপাতালে পাঠায়।
উপজেলা ছাত্রদলের সভাপতি শফিকুল ইসলামের মুঠোফোন বন্ধ থাকায় তাঁর সঙ্গে কথা বলা যায়নি।
উপজেলা বিএনপির সভাপতি রফিকুল ইসলাম বলেন, পুলিশের কাছ থেকে মৌখিকভাবে অনুমতি নিয়ে শান্তিপূর্ণভাবে উপজেলা ছাত্রদল কর্মিসমাবেশ করছিল। তাতে পুলিশ এসে বাধা দেয় লাঠিপেটা শুরু করে।
কেন্দুয়া থানার ওসি সিরাজুল ইসলাম বলেন, ‘ছাত্রদল সভা করার জন্য অনুমতি নেয়নি। অনেক লোকজন দেখে পুলিশ গিয়ে বিষয়টি জানতে চেয়েছিল। একপর্যায়ে ছাত্রদলের কর্মীরা পুলিশের ওপর হামলা চালায়। এতে ১৩ জন পুলিশ আহত হয়েছে।’