কেন্দুয়ায় টাকার জন্য ব্যবসায়ীকে হত্যা, গ্রেপ্তার ১
নেত্রকোনার কেন্দুয়া উপজেলার সাধার গ্রামের ব্যবসায়ী মোসলেম উদ্দিনকে (৩৮) হত্যার অভিযোগে গতকাল শুক্রবার মামলা হয়েছে। এই মামলার প্রধান আসামি বিদ্যাবল্লভ গ্রামের শামসুল হককে গ্রেপ্তার করেছে পুলিশ। টাকা লুট করার জন্য হত্যাকাণ্ডটি ঘটেছে বলে নিহত ব্যক্তির পারিবারিক সূত্রে জানা গেছে।
মোসলেম উদ্দিন সাধার গ্রামের মৃত বাহাদুর খাঁর ছেলে। গতকাল তাঁর ছোট ভাই ইসলাম উদ্দিন বাদী হয়ে কেন্দুয়া থানায় হত্যা মামলাটি করেছেন। মামলায় শামসুল হক ছাড়া আরও চারজনের নামোল্লেখসহ অজ্ঞাত ছয় থেকে সাতজনকে আসামি করা হয়েছে। শামসুল হককে জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ দিনের রিমান্ডের আবেদন জানিয়ে গতকাল আদালতে পাঠানো হয়েছে।
পুলিশ ও নিহত ব্যক্তির পারিবারিক সূত্র জানায়, গত শনিবার মোসলেম উদ্দিন দুই লাখ টাকা নিয়ে বাড়ি থেকে বের হন। গত রোববার রাত থেকে তিনি নিখোঁজ হন। পরিবারের সদস্যরা অনেক খোঁজাখুঁজি করেও তাঁর কোনো সন্ধান না পেয়ে কেন্দুয়া থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। এ অবস্থায় স্থানীয় লোকজনের কাছ থেকে খবর পেয়ে বৃহস্পতিবার দুপুরে পাশের গড়াডোবা ইউনিয়নের লাহুনিয়া বিল থেকে পুলিশ মোসলেম উদ্দিনের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নেত্রকোনা সদর হাসপাতালের মর্গে পাঠায়।
নিহত ব্যক্তির ছোট ভাই ও মামলার বাদী ইসলাম উদ্দিন বলেন, ‘আমার ভাইয়ের সঙ্গে থাকা দুই লাখ টাকা নেওয়ার জন্যই পরিকল্পিতভাবে তাঁকে খুন করা হয়েছে।’
মামলার তদন্ত কর্মকর্তা (আইও) থানার উপপরিদর্শক (এসআই) মো. আব্বাস আলী জানান, এই ঘটনায় গত বুধবার দিবাগত রাতে শামসুল হককে তাঁর বাড়ি থেকে আটক করা হয়।