কেন্দুয়ায় নদীতে বেড়া দিয়ে মাছ শিকার
নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় ‘বেতাই’ নদীতে অবৈধভাবে বাঁশের তৈরি বেড়া দিয়ে মাছ শিকার করছেন স্থানীয় ১৫-২০ ব্যক্তি। এ ছাড়া নদীর জায়গা দখল করে অন্তত ১০ ব্যক্তি পুকুর খনন করেছেন। এতে পানির প্রবাহ বাধাগ্রস্ত হয়ে ফসলি জমি হুমকির মুখে পড়েছে। ফলে বিপাকে পড়েছেন বিভিন্ন এলাকার কৃষক।
স্থানীয় কয়েকজন কৃষক অভিযোগ করে বলেন, নদীতে অবৈধভাবে ২০-২৫টি বেড়া দেওয়ার পাশাপাশি পুকুর খনন করায় পানির স্বাভাবিক প্রবাহ বাধাগ্রস্ত হচ্ছে। এতে হাওরে জলাবদ্ধতা দেখা দিয়েছে। ফলে রোপা আমন ফসল হুমকির মুখে পড়েছে। কিন্তু প্রশাসন ও জনপ্রতিনিধিরা এর বিরুদ্ধে এখনো কোনো ব্যবস্থা নেননি।
এলাকার কয়েকজন বাসিন্দা জানান, উপজেলার সান্দিকোনা ইউনিয়নের খিদিরপুর মৌজায় ‘যুগের’ হাওরের অবস্থান। এতে ওই ইউনিয়নের খিদিরপুর গ্রামসহ আশপাশের এলাকার কৃষকদের প্রায় ২০০ হেক্টর জমি রয়েছে। এসব জমিতে কৃষকেরা বোরো ও রোপা আমন ধানের চাষ করেন। এই হাওর দিয়ে ‘বেতাই’ নদী পাশের ‘মাছুয়াইল’ বিলের খালে মিলেছে। সেখান থেকে আরেকটি খাল গিয়ে বিলে মিশেছে। মাছ ধরতে স্থানীয় সামছুদ্দিন, জসিম উদ্দিন, দুলালসহ ১৫-২০ জন ‘বেতাই’ নদীর ভঙ্গানিয়া, বালুচর ও পেড়িরচর অংশ ছাড়াও বিলে মিলিত হওয়া খালে বেড়া দিয়ে মাছ শিকার করছেন। এ ছাড়া নদীর জায়গা দখল করে স্থানীয় মনজু মিয়া, বিয়াজ উদ্দিন, রতন মিয়া, মাসুদ মিয়াসহ অন্তত ১০ ব্যক্তি পুকুরও তৈরি করেছেন। এতে নদীতে পানির প্রবাহ বাধাগ্রস্ত হচ্ছে ও নদী সংকুচিত হচ্ছে। উদ্ভূত পরিস্থিতিতে কয়েক দিনের টানা বৃষ্টিতে ‘যুগের’ হাওরে জলাবদ্ধতা দেখা দিয়েছে। এতে প্রায় ৫০ হেক্টর জমির রোপা আমন ফসল হুমকিতে পড়েছে। তবে মনজু, বিয়াজ, রতন বলেন, তাঁরা অনেক দিন আগে এ পুকুর করেছেন। যদি পুকুর সরকারি জায়গায় পড়ে তাহলে তাঁরা ছেড়ে দেবেন। তবে মাসুদ বলেন, পুকুরের বিষয় নিয়ে আদালতে মামলা চলছে।
খিদিরপুর গ্রামের কৃষক লুৎফুর রহমান বলেন, মাছ মারার (শিকার) জন্য নদীতে বান (বাঁধ) দেওয়ায় হাওরের পানি বিলে নামতে পারছে না। এতে হাওরে পানি বেশি থাকায় অনেক জমিতে ধানের চারাও রোপণ করা সম্ভব হচ্ছে না। একই এলাকার কৃষক জিয়াউর রহমান, আবদুল হাই, মতি মিয়া, শাহজাহানসহ আরও অনেকে বলেন, এভাবে নদীতে বেড়া দিয়ে মাছ শিকার করলেও কেউই তা প্রতিরোধে কোনো ব্যবস্থা নেয় না।
গত মঙ্গলবার সরেজমিনে দেখা যায়, ভঙ্গানিয়া ও বালুচর এলাকায় নদীতে ৫০ থেকে ১০০ গজ দূরে দূরে আড়াআড়িভাবে বেড়া দেওয়া হয়েছে। এ সময় নদীতে বেড়া দিয়ে মাছ শিকারকারী সামছুদ্দিন, জসিম, দুলালসহ কয়েকজন বাসিন্দা বলেন, ‘অনেকে বেড়া দিয়ে মাছ মারে, তাই আমরাও মারি।’
খবর পেয়ে উপজেলা প্রশাসনের নির্দেশে বুধবার (২ সেপ্টেম্বর) উপজেলা কৃষি কার্যালয়ের সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা আবদুস সালাম খান, উপসহকারী কৃষি কর্মকর্তা আইনুল ইসলাম, মশিউর রহমান, সার্ভেয়ার রেজাউল করিম ও স্থানীয় সাহিতপুর ইউনিয়ন ভূমি অফিসের উপসহকারী ভূমি কর্মকর্তা গোলাম মস্তোফা এলাকা পরিদর্শন করেন। তাঁরা ঘটনার সত্যতাও পান। পরে মুঠোফোনে আইনুল ও গোলাম মস্তোফা জানান, নদীতে অবৈধভাবে দেওয়া ওই ২০-২৫টি বেড়া গতকাল বৃহস্পতিবারের মধ্যে অপসারণের নির্দেশ দেওয়া হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রুহুল আমিন বলেন, খালে এভাবে বেড়া দেওয়া সম্পূর্ণ অন্যায় ও দণ্ডনীয় অপরাধ। শিগগিরই এসব বেড়া অপসারণে উদ্যোগ নেওয়া হবে।