কেন্দুয়ায় নবজাতকসহ নারীর লাশ উদ্ধার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নেত্রকোনার কেন্দুয়ায় নবজাতকসহ এক নারীর অর্ধগলিত লাশ উদ্ধার করা হয়েছে। উপজেলার মোজাফরপুর ইউনিয়নের জালিয়ার হাওর থেকে গত শুক্রবার বিকেলে পুলিশ লাশ দুটি উদ্ধার করে। এ ঘটনায় থানায় হত্যা মামলা হয়েছে।
পুলিশ জানায়, স্থানীয় লোকজন গত শুক্রবার বিকেলে ওই হাওরে নবজাতকসহ অজ্ঞাতপরিচয়ের নারীর লাশ ভাসতে দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পরে বিকেল চারটার দিকে পুলিশ ঘটনাস্থল গিয়ে লাশ দুটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।
কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অভিরঞ্জন দেব গতকাল প্রথম আলোকে বলেন, নারীর লাশটির পরিচয় এখনো মেলেনি। ময়নাতদন্তের জন্য লাশ দুটি গতকাল শনিবার নেত্রকোনা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে থানায় একটি হত্যা মামলা করেছে।