কেন্দুয়ায় প্রতিপক্ষের হামলায় আহত ৩
নেত্রকোনার কেন্দুয়ায় প্রতিপক্ষের হামলায় তিনজন আহত হয়েছেন। গতকাল সোমবার উপজেলার মাস্কা ইউনিয়নের দ্বিগলী গ্রামে এ ঘটনা ঘটে। এ সময় প্রতিপক্ষের লোকজন ওই গ্রামের আটটি পরিবারের ১৫টি বসতঘর ভাঙচুর করেন।
হামলায় আহত দ্বিগলী গ্রামের আলতু মিয়া, তাঁর স্ত্রী সেলিনা বেগম ও ভাতিজি মৌসুমী আক্তারকে আশঙ্কাজনক অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
প্রত্যক্ষদর্শী, ক্ষতিগ্রস্ত লোকজন ও পুলিশ সূত্র জানায়, গত শনিবার সকালে ওই গ্রামের পশ্চিমপাড়ার আলতু মিয়ার বাড়ির পেছনে মালিকবিহীন একটি ষাঁড়কে ঘাস খেতে দেখে। পরে আলতু মিয়ার পরিবারের লোকজন সেটিকে বাড়িতে এনে বেঁধে রাখেন। একপর্যায়ে খোঁজ পেয়ে মালিকপক্ষ দুপুরের দিকে গরুটি নিয়ে যায়। পরে দ্বিগলী গ্রামের পূর্বপাড়ার ফকিরবাড়ির বাসিন্দা শহীদুল হক এটিকে ‘চোরাই গরু’ বললে এ নিয়ে পশ্চিমপাড়ার লোকজনের সঙ্গে তাঁর ঝগড়া হয়। এর জের ধরে গতকাল সকাল সাড়ে ১০টার দিকে পূর্বপাড়ার কয়েক শ লোক দেশি অস্ত্র নিয়ে পশ্চিমপাড়ায় হামলা চালান। এতে তিনজন আহত হন। এ সময় জজ মিয়া, তাঁর বড় ভাই মুকসুদ মিয়া, চাচাতো ভাই আলতু মিয়া, নয়ন মিয়া, দুলাল মিয়া, হলুদ মিয়া, আবদুর রহমান ও জাফর মিয়ার পরিবারের ১৫টি ঘরে হামলা, ভাঙচুর ও লুটপাট চালানো হয়। পরে খবর পেয়ে কেন্দুয়া থানার পুলিশ ঘটনাস্থলে ছুটে যায়।
পশ্চিমপাড়ার জজ মিয়া ও তাঁর স্ত্রী রোফেদা বেগম বলেন, ‘সবকিছু তছনছ কইরা দিছে। এমনকি জমির দলিলগুলোও নিয়ে গেছে। রাইন্দা খাওনের জন্য একটি ডেগও (পাতিল) নাই। এহন কীভাবে কী করবাম বুঝতাছি না।’
পূর্বপাড়ার শহীদুল হক ফকির বলেন, ‘চোরাই গরুর অভিযোগের বিষয়ে কথা বলতে গেলে পশ্চিমপাড়ার লোকজন আমার ওপর হামলা চালায়। এতে ক্ষুব্ধ হয়ে পূর্বপাড়ার লোকজন পশ্চিমপাড়ার লোকজনের বসতঘরে হামলা চালায়।’