কেন্দুয়ায় মামলার প্রধান আসামিকে গ্রেপ্তারের দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নেত্রকোনার কেন্দুয়ায় এক স্কুলছাত্রীর ওপর হামলা চালানোর অভিযোগে হওয়া মামলার প্রধান আসামি সুমন মিয়াকে গ্রেপ্তার ও তাঁর দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন হয়েছে। ওই ছাত্রীর বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও পরিচালনা পর্ষদের উদ্যোগে গতকাল বৃহস্পতিবার মানববন্ধন হয়।
হামলায় আহত ও মানসিকভাবে বিপর্যস্ত ওই ছাত্রী পরীক্ষা দেওয়াও বন্ধ করে দিয়েছে। গত মঙ্গলবার ও গতকাল অনুষ্ঠিত দুটি পরীক্ষায় সে অংশ নিতে পারেনি।
পরীক্ষা শেষে গতকাল বেলা সোয়া একটা থেকে বিদ্যালয়ের পাশের সড়কে প্রায় আধা ঘণ্টাব্যাপী মানববন্ধন করা হয়। এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন পরিচালনা পর্ষদের সভাপতি রঞ্জিত কুমার তালুকদার, বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম প্রমুখ।
ছাত্রীর পারিবারিক ও বিদ্যালয় সূত্র জানায়, ওই ছাত্রী এখনো মানসিকভাবে বিপর্যস্ত। এ অবস্থায় ঘটনার দিন মঙ্গলবার বাংলা দ্বিতীয় ও গতকাল ইংরেজি প্রথম পত্র বিষয়ের পরীক্ষায় অংশ নেওয়া তার পক্ষে সম্ভব হয়নি। তা ছাড়া বাকি পরীক্ষাগুলোতেও সে অংশগ্রহণ করতে পারবে কি না, তা নিয়ে সংশয় দেখা দিয়েছে।
কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সিরাজুল ইসলাম জানান, প্রধান আসামি সুমনকে ধরতে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে। তবে ঘটনার পর থেকে তিনি পলাতক। তাঁকে পালিয়ে যেতে সহায়তা করার অপরাধে ইতিমধ্যে তাঁর বাবাকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে।
মামলা সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকালে পরীক্ষা দেওয়ার উদ্দেশ্যে বিদ্যালয়ে যাওয়ার পথে সুমন মিয়া (২৫) প্রকাশ্যে ওই স্কুলছাত্রীকে যৌন হয়রানি করেন ও তার ওপর হামলা চালান। এতে ওই ছাত্রীর মুখে ও মাথায় আঘাত লাগে।