কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার বিপুলাসার আহম্মদ উল্লাহ উচ্চবিদ্যালয় পরীক্ষাকেন্দ্র থেকে জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষার ইংরেজি প্রথম পত্রের প্রশ্ন বাইরে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইসরাত জাহান পান্না গতকাল বুধবার জেলা প্রশাসকের কাছে এ অভিযোগ করেন।
গতকাল বুধবার দুপুরে জেলা প্রশাসকের সঙ্গে ইন্টারনেটে ভিডিও যোগাযোগের প্রযুক্তি স্কাইপের মাধ্যমে ইউএনও ওই অভিযোগ করেন। জেলা প্রশাসক হাসানুজ্জামান কল্লোল এ ব্যাপারে তাঁকে আইনগত পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেন।
তবে ওই কেন্দ্রের সচিব ইউএনওর অভিযোগ প্রত্যাখ্যান করেছেন। এ বিষয়ে জেলা প্রশাসক হাসানুজ্জামান কল্লোল বলেন, এ বিষয়ে ইউএনওকে লিখিত প্রতিবেদন দিতে বলা হয়েছে। বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে।
কুমিল্লা শিক্ষা বোর্ড সূত্র জানায়, বিপুলাসার আহম্মদ উল্লাহ উচ্চবিদ্যালয় পরীক্ষাকেন্দ্রে মনোহরগঞ্জ উপজেলার ১৩টি বিদ্যালয়ের দুই হাজার শিক্ষার্থী জেএসসি পরীক্ষায় অংশ নিচ্ছে। গত মঙ্গলবার বেলা দুইটায় ইংরেজি প্রথম পত্র পরীক্ষা অনুষ্ঠিত হয়।
জানা গেছে, গতকাল বেলা একটায় মনোহরগঞ্জ উপজেলার ঝলম ইউনিয়নের বাসিন্দাদের সঙ্গে জেলা প্রশাসক হাসানুজ্জামান কল্লোল ভিডিও কনফারেন্সের মাধ্যমে নানা বিষয়ে কথা বলেন। এতে মনোহরগঞ্জের ইউএনও ইসরাত জাহান উপস্থিত ছিলেন। জেলা প্রশাসকের সঙ্গে কথা বলার একপর্যায়ে তিনি বলেন, বিপুলাসার আহম্মদ উল্লাহ উচ্চবিদ্যালয় পরীক্ষাকেন্দ্রে মঙ্গলবার পরীক্ষা শুরু হওয়ার পর ইংরেজি প্রথম পত্রের প্রশ্ন বাইরে পাঠানো হয়। এ সময় এক ব্যক্তিকে ধরার চেষ্টা করলে তিনি পালিয়ে যান। ওই পরীক্ষাকেন্দ্রের পরিবেশ ভালো নয়। কেন্দ্রে চিৎকার চেঁচামেচির মধ্য দিয়েই পরীক্ষা হয়।
কুমিল্লা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক কায়সার আহমেদ বলেন, ‘আমার কাছে এ ধরনের কোনো অভিযোগ আসেনি। অভিযোগ পেলে বিধি মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে।’
বিপুলাসার আহম্মদ উল্লাহ উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক ও কেন্দ্রসচিব আবদুল লতিফ বলেন, ‘ইউএনও মহোদয়ের অভিযোগ সঠিক নয়। আমাদের পরীক্ষাকেন্দ্রের পরিবেশ খারাপ না।’