ঘড়ির কাঁটা বেলা একটা ছাড়িয়েছে। আশুলিয়া স্কুল ও কলেজ কেন্দ্র-২-এ ঢুকে অবাক হতে হলো। আশুলিয়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের ওই কেন্দ্রের বাইরে কয়েক শ লোকের ভিড়। অথচ ভোটকক্ষের আশপাশে ভোটারের দেখা নেই।
কারণ খুঁজতে গিয়ে জানা গেল, ভোটকক্ষে সহকারী প্রিসাইডিং কর্মকর্তা নেই। নেই ব্যালটের মুড়ি বইও। মুড়ি বই কোথায় গেল? ভোটের কর্মকর্তাদের কাছ থেকে উত্তর পাওয়া গেল না। পাশের দুটি ভোটকক্ষের ছবিও একই রকম। চতুর্থ কক্ষে ঢুকতে গিয়ে দেখা হলো কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা মনসুর আলীর সঙ্গে। প্রশ্ন শুনেই মনসুর আলী অকপটে বললেন, ‘সরকারদলীয় প্রার্থী নিজেই তাঁর সমর্থকদের নিয়ে কেন্দ্রে ঢুকে ব্যালট পেপারে সিল মেরেছেন। আমার কিছুই করার ছিল না। উপজেলা নির্বাচন কর্মকর্তাকে পরিস্থিতি জানিয়ে আমি নিজে আপাতত ভোট বন্ধ রেখেছি।’
মনসুর আলীর অভিযোগ, নৌকা প্রতীকে সরকার মনোনীত প্রার্থী সাহাবুদ্দীন মাতবর দুপুর ১২টার দিকে তাঁর কয়েক শ সমর্থককে নিয়ে কেন্দ্রে ঢুকে পাঁচ শর মতো জাল ভোট দিয়ে গেছেন।
প্রিসাইডিং কর্মকর্তার সঙ্গে আলাপের সময় একটু দূরে দেখা গেল আনারস প্রতীকে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও বর্তমান চেয়ারম্যান হেলালউদ্দীনের চাচাতো ভাই আমিনুল ইসলামের সঙ্গে বিতণ্ডা চলছে ঢাকা জেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা ইমতিয়াজ দেওয়ানের। আমিনুল গণমাধ্যমের কাছে অভিযোগ করলেন, ইমতিয়াজ ও তাঁর সঙ্গীরা যখন জাল ভোট দিচ্ছিলেন, কোনো বাধা দেননি ভোট গ্রহণের কাজে নিয়োজিত কর্মকর্তারা।
এর আগে বেলা সাড়ে ১১টার দিকে বিরুলিয়া বেগুনবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে গিয়ে জাল ভোটের অন্য এক চিত্র পাওয়া গেল। ওই কেন্দ্রের দুই নম্বর ভোটকক্ষের বাইরে হট্টগোল আর ভোটারদের দীর্ঘ সারি। জানা গেল, চেয়ারম্যান পদে নৌকা প্রতীকের প্রার্থীর বেশ কিছু ব্যালট পেপারে সিল মারা হয়েছে কিছুক্ষণ আগেই। পাশের বেগুনবাড়ী উচ্চবিদ্যালয় কেন্দ্রে প্রিসাইডিং কর্মকর্তার পাশের কামরায় নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী সাইদুর রহমান সুজনের উপস্থিতিতে ব্যালটে সিল মারা হচ্ছিল।
সকাল সাড়ে ১০টার দিকে কমলাপুর বাজারের মোড়ে দেখা যায়, লাঠি ও লোহার রড হাতে শ দেড়েক লোক বাজারে দোকানপাটে বেধড়ক ভাঙচুর চালিয়ে ভবানীপুরের দিকে চলে যাচ্ছে। বাজারে থামতেই সেখানকার খ্রিষ্টান সম্প্রদায়ের লোকজন অভিযোগ করলেন, ভবানীপুরের স্থানীয় লোকজন কমলাপুরের সংখ্যালঘুদের সকালে ভোট শুরুর পর থেকেই হুমকি দিয়ে আসছিল। তাতে কাজ না হওয়ায় কমলাপুর বাজারে এসে লোকজনকে পিটিয়েছে দুর্বৃত্তরা। এরা নৌকা প্রতীকে সরকার মনোনীত চেয়ারম্যান প্রার্থী সাইদুর রহমান সুজনের আশীর্বাদপুষ্ট সাধারণ সদস্য পদপ্রার্থী অজল হকের সমর্থক বলে দাবি করেন স্থানীয় ব্যক্তিরা। ভবানীপুর প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে গিয়ে প্রিসাইডিং কর্মকর্তা মো. শামীমুজ্জামানের সঙ্গে কথা হলো। তিনি বললেন, সকালে ভবানীপুরের স্থানীয় লোকজন কমলাপুরের লোকজনকে কেন্দ্রের বাইরে পিটিয়েছে। এরপর থেকে কেন্দ্রের আশপাশে উত্তেজনা।
ওই ভোটকেন্দ্রে কমলাপুর গ্রামের বাসিন্দা বিলাস রোজারিও হামলার শিকার হন। তিনি প্রথম আলোকে বলেন, ভোট শুরুর পর থেকেই কমলাপুরের খ্রিষ্টান সম্প্রদায়ের লোকজনকে ভোট না দিতে হুমকি দিচ্ছিলেন আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থীর আশীর্বাদপুষ্ট সাধারণ সদস্য পদপ্রার্থী অজল হক। উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে আবেদন জানিয়েও কোনো কাজ হয়নি।
এসব অভিযোগের বিষয়ে উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. মোমিন মিয়া বলেন, বড় কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। এরপরেও অভিযোগ পেলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হয়েছে।
রাজধানীর উপকণ্ঠ সাভারের বিভিন্ন ইউনিয়ন পরিষদে ভোটাভুটির খবর সংগ্রহ করতে গিয়ে জাল ভোট, ভোটারদের ওপর হামলার এসব ছবি পাওয়া গেছে। আশুলিয়া ও বিরুলিয়ার মতো পাথালিয়া, শিমুলিয়া, ধামসোনা, ভাকুর্তা ও আমিনবাজার ইউপিতেও বিভিন্ন কেন্দ্র থেকে একই রকম জাল ভোট ও কেন্দ্র দখলের খবর পাওয়া গেছে। এসব ঘটনায় আশুলিয়া স্কুল ও কলেজ কেন্দ্র-১ ও ২-এর ভোট গণনা করা হয়নি। ভোট গ্রহণে কারচুপি এবং জোর করে সিল মারার প্রতিবাদে ভোট বর্জনের ঘোষণা দেন পাথালিয়া, বিরুলিয়া ও আশুলিয়া ইউনিয়নের বিএনপির মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থীরা।
শেষ দফায় সাভারের ১২টি ইউনিয়নের ভোট হওয়ার কথা থাকলেও তেঁতুলঝোড়ায় আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় সেখানে চেয়ারম্যান পদে ভোট হয়নি। শেষ ধাপে গতকাল সাভারের ১০ ইউনিয়নে চেয়ারম্যান পদে এবং একটিতে সদস্য পদে ভোট হয়েছে।
মেজবানের আবহ ভোটকেন্দ্রে: ভোট শেষ হতে আর এক ঘণ্টা বাকি নেই। পাথালিয়ার চাকল গ্রামের নয়ারহাট গণবিদ্যাপীঠ উচ্চবিদ্যালয় কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তার পাশের কক্ষের সামনে মাঝারি জটলা। খাবার হাতে লোকজন ওই কক্ষ থেকে বের হয়ে আসছিলেন। কক্ষটিতে ঢুকে দেখা গেল, এক প্রান্ত থেকে অন্য প্রান্তজুড়ে টেবিলে খাবারের আয়োজন। লোকজন আয়েশ করে মধ্যাহ্নভোজ সারছেন। শুধু নির্বাচন কাজে যুক্ত লোকজনই নন, ভোটার নন এমন লোকজনও ওই খাবার খেয়েছেন। এই আয়োজন কে করল জানতে চাইলে প্রিসাইডিং কর্মকর্তা আমিনুল ইসলাম বললেন, প্রার্থীদের পক্ষ থেকে খাবারের আয়োজন করা হয়েছে। তবে চেয়ারম্যান না সাধারণ সদস্য প্রার্থী এই আয়োজন করেছেন, তা তিনি জানাননি।
বিভিন্ন প্রার্থীর এজেন্টদের সঙ্গে কথা বলে জানা গেছে, নৌকা প্রতীকে সরকারদলীয় মনোনীত প্রার্থী পারভেজ দেওয়ান ওই ভোজের আয়োজক।