‘নৌকার ভোট ওপেন নিয়ে যাব। মেম্বারের (সদস্য) ভোট গোপনে হবে।’ গতকাল শনিবার সকাল সাড়ে নয়টার দিকে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার বিষ্ণুপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) দুলালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কেন্দ্রে এসব কথা বলেন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম।
কেন্দ্রটিতে সহকারী প্রিসাইডিং কর্মকর্তা কাজী মাহমুদুল নবী এ সময় সেখানে উপস্থিত গণমাধ্যমকর্মীদের বলেন, ‘দেখেছেন ভাই। আমি নিরুপায়।’ কিছুক্ষণ দাঁড়িয়ে দেখা যায়, চেয়ারম্যান প্রার্থীর ব্যালট পেপার নৌকা প্রতীকের এজেন্টরা ছিনিয়ে নিচ্ছেন।
উপজেলার চান্দুরা, বুধন্তী, ইছাপুরা, চম্পকনগর, পত্তন, বিষ্ণুপুর, সিংগারবিল ও পাহাড়পুর ইউপির অন্তত ৩০টি কেন্দ্র ঘুরে নৌকা প্রতীকে প্রকাশ্যে ভোট দেওয়া, কেন্দ্র দখল, জাল ভোট প্রদান, এজেন্টদের বের করে দেওয়া, সংঘর্ষ ও গুলিবর্ষণের ঘটনা ঘটতে দেখা গেছে।
বেলা পৌনে ১১টার দিকে পত্তন ইউপির আদমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ইউপি সদস্য প্রার্থী আওয়ামী লীগের কর্মী সিরাজুল ইসলামের পক্ষের এজেন্টরা প্রতিদ্বন্দ্বী প্রার্থী ৭ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আবদুল হেকিমের এজেন্টদের কেন্দ্র থেকে বের করে দেন। এর জেরে উভয় পক্ষের লোকজন কেন্দ্রের সামনে সংঘর্ষে জড়িয়ে পড়ে। ঘণ্টাব্যাপী সংঘর্ষে অন্তত ৪০ জন আহত হন। পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ৫০টি রাবার বুলেট ছুড়ে দুপুর সাড়ে ১২টার দিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। গুরুতর আহত জমসিদ মিয়া (৩৫), ডালিম মিয়া (২৫), বকুল মিয়াকে (২৮) ঢাকায় পাঠানো হয়েছে। এ ছাড়া রাবার বুলেটবিদ্ধ মিজান মিয়া (৩৫), বাবু মিয়া (৫৫), এনায়েত উল্লাহ (৫০) ও পেটে তিরবিদ্ধ জাকির ভূঁইয়াকে (৩৫) জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। কেন্দ্রটিতে বেলা ১১টা থেকে দেড়টা পর্যন্ত ভোট গ্রহণ স্থগিত থাকে।
কেন্দ্রের ভেতরে থাকা পুলিশ সুপার মিজানুর রহমান বলেন, জাল ভোটকে কেন্দ্র করে দুই ইউপি সদস্য প্রার্থীর সমর্থকেরা এ সংঘর্ষে জড়িয়ে পড়েন। দুই ইউপি সদস্য ও চেয়ারম্যান প্রার্থীর সঙ্গে কথা বলে পরিবেশ শান্ত করা হয়েছে।
সিংগারবিল ইউপির কাঞ্চনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী মনিরুল ইসলামের পক্ষের লোকজন বিএনপির প্রার্থী মামুনুর রশিদের এজেন্টদের বেলা সাড়ে ১১টার দিকে কেন্দ্র থেকে বের করে দেন। এ ঘটনায় উভয় পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়েন। এ সময় অন্তত ১০ জন আহত হন।
এ ছাড়া চান্দুরা ইউপির সাতগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়, চান্দুরা ইউপির রসুলপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, পত্তন ইউপির নোয়াগাঁও সরকারি বিদ্যালয় ভোটকেন্দ্রে সংঘর্ষ হয়েছে।
চান্দুরা ইউপির বিএনপির চেয়ারম্যান প্রার্থী আফজাল হোসেন, বুধন্তীর জাতীয় পার্টির প্রার্থী মোশারফ হোসেন, বিষ্ণুপুর ইউপির বিএনপির প্রার্থী অলি উল্লাহ ভূঁইয়া অভিযোগ করে প্রথম আলোকে বলেন, ভোট গ্রহণ শুরুর কিছুক্ষণ পর প্রতিটি কেন্দ্র থেকে তাঁদের এজেন্টদের বের করে দিয়ে প্রকাশ্যে নৌকায় সিল মারা হয়েছে।
এদিকে বেলা পৌনে ১১টার দিকে পাহাড়পুর ইউপির আওয়ামী লীগ চেয়ারম্যান প্রার্থী আবদুর রশীদ খন্দকারের পক্ষে একদল বহিরাগত ভিটি দাউদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র দখল করে ব্যালট পেপার ছিনিয়ে নিয়ে সিল মারার চেষ্টা করে। এতে কেন্দ্রটিতে প্রায় আধা ঘণ্টা ভোট গ্রহণ স্থগিত থাকে।
কেন্দ্র দখল, জাল ভোট, এজেন্টদের বের করে দেওয়া এবং প্রকাশ্যে নৌকায় ভোট দিতে বাধ্য করার অভিযোগ এনে দুপুর ১২টার দিকে বিএনপির চার চেয়ারম্যান প্রার্থী নির্বাচন বর্জনের ঘোষণা দেন। তাঁরা হলেন বুধন্তী ইউপির বিএনপির চেয়ারম্যান প্রার্থী জিয়া উদ্দিন খান, সিংগারবিলের মামুনুর রশিদ, বিষ্ণুপর ইউপির অলি উল্লাহ ভূঁইয়া ও পাহাড়পুর ইউপির মাহাবুর রহমান।
এ উপজেলার ১০টি ইউপিতে গতকাল ভোট হয়েছে।