কেন্দ্র দখল, জাল ভোট হাকিম লাঞ্ছিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার রাঙ্গাবালী সদর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান পদে উপনির্বাচনে গতকাল বৃহস্পতিবার ভোট গ্রহণ করা হয়েছে। মোট নয়টি কেন্দ্রে ভোট গ্রহণ করা হয়। এর মধ্যে তিনটি কেন্দ্রে হামলা, ভোট জালিয়াতি ও কেন্দ্র দখলের ঘটনা ঘটে। পটুয়াখালী-৪ আসনের সাংসদ মাহবুবুর রহমান তালুকদারের উপস্থিতিতে নির্বাহী হাকিমকে লাঞ্ছিত করার ঘটনাও ঘটেছে।
রাঙ্গাবালীর গঙ্গীপাড়া গ্রামের কয়েকজন ভোটার বলেন, গতকাল ভোট গ্রহণ চলাকালে আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থী হুমায়ূন কবির তালুকদারের সমর্থকেরা গঙ্গীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের সামনে ভোটারদের ওপর হামলা করেন। এতে সাতজন আহত হন।
দক্ষিণ কাজির হাওলা সরকারির প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে জাল ভোট দেওয়ার চেষ্টার অপরাধে সম্রাট মল্লিক নামের একজনকে ছয় মাসের সশ্রম করাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। উপজেলা মৎস্য কর্মকর্তা ও প্রিসাইডিং কর্মকর্তা মো. কামরুল ইসলাম বলেন, দণ্ড দেওয়ার পর ওই কেন্দ্রে আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থীর সমর্থকেরা হামলা চালান। এ সময় পুলিশ একটি গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী অপর তিন প্রার্থী উপজেলা বিএনপির সভাপতি কবির হোসেন তালুকদার, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবদুর রহমান ফরাজী ও সাবেক যুবদল নেতা আনোয়ারুল ইসলাম অভিযোগ করেন, সাংসদ মো. মাহবুবুর রহমান তালুকদারের উপস্থিতিতে দুপুর ১২টার দিকে গঙ্গীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের সামনে জড়ো হওয়া ভোটারদের ওপর হামলা করা হয়। দেড়টার দিকে মাহবুবুর রহমানের লোকজন দক্ষিণ কাজির হাওলা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে হানা দিয়ে বিরোধী প্রার্থীদের এজেন্টদের বের করে দেন। এরপর কিছু লোক দিয়ে আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থীর পক্ষে ব্যালটে সিলা মারা হয়। দুইটার দিকে রাঙ্গাবালী মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রের দখল নেন সাংসদের লোকজন।
রাঙ্গাবালী ইউপির উপনির্বাচনে দায়িত্বপ্রাপ্ত নির্বাহী হাকিম মোহাম্মদ এরশাদ উদ্দীন প্রথম আলোকে বলেন, ‘দুপুরে রাঙ্গাবালী মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে কয়েকজন জাল ভোট দেওয়ার চেষ্টা করলে আমি তাদের হাতেনাতে ধরি। এতে ক্ষুব্ধ হয়ে সাংসদ মাহবুবুর রহমানের লোকজন ও প্রার্থী হুমায়ূন কবিরের সমর্থকেরা আমার সঙ্গে দুর্ব্যবহার করেন। একপর্যায়ে সাংসদের উপস্থিতিতেই তাঁরা আমাকে লাঞ্ছিত করেন।’
এ বিষয়ে কথা বলার জন্য সাংসদ মাহবুবুর রহমানের মুঠোফোনে যোগাযোগ করলেও তিনি ফোন ধরেননি।