কেন্দ্র দখল নিয়ে সংঘর্ষে আহত ১৩, দুই সাংবাদিক লাঞ্ছিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর পৌরসভা নির্বাচনে খলিলুর রহমান ওরফে টিপু মোল্লা বেসরকারিভাবে মেয়র নির্বাচিত হয়েছেন। গতকাল সোমবার ওই নির্বাচন অনুষ্ঠিত হয়।
নির্বাচনের একটি কেন্দ্র দখলের ঘটনায় দুই মেয়র প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে ১৩ জন আহত হয়েছেন। গতকাল সোমবার এ ঘটনা ঘটে। অপর একটি কেন্দ্রে পাল্টাপাল্টি ধাওয়ার সময় পুলিশ দুই সাংবাদিককে লাঞ্ছিত করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।
মেয়র প্রার্থী খলিলুর রহমান (জগ প্রতীক) ৫ হাজার ২২৩ ভোট পেয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী তফাজ্জল হোসেন (কম্পিউটার প্রতীক) ৪ হাজার ৬০০ ভোট পান। নারী কাউন্সিলর পদে ১ নম্বর ওয়ার্ডে শাহিনা আক্তার, ২ নম্বর ওয়ার্ডে রেখা আক্তার এবং ৩ নম্বর ওয়ার্ডে নাদিরা আক্তার, সাধারণ কাউন্সিলর পদে ১ নম্বর ওয়ার্ডে মো. আলাউদ্দিন, ২ নম্বর ওয়ার্ডে নাজমুল হোসেন, ৩ নম্বর ওয়ার্ডে মোবারক হোসেন, ৪ নম্বর ওয়ার্ডে মো. সফিক মিয়া, ৫ নম্বর ওয়ার্ডে মো. অহিদুজ্জামান, ৬ নম্বর ওয়ার্ডে নজরুল ইসলাম, ৭ নম্বর ওয়ার্ডে অহিদ মিয়া, ৮ নম্বর ওয়ার্ডে আবদুল হক ও ৯ নম্বর ওয়ার্ডে খোরশেদ আলম নির্বাচিত হয়েছেন।
এদিকে গতকাল সকাল পৌনে ১০টার দিকে জগন্নাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে মেয়র প্রার্থী তফাজ্জল হোসেন ও খলিলুর রহমানের সমর্থকদের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ১৩ জন আহত হন।
আহত ব্যক্তিরা হলেন আওলাদ হোসেন, শাহ আলম, নিজাম উদ্দিন, ওয়াদুদ হোসেন, রিপন মিয়া, রুবেল মিয়া, বাবলা দাস, হোসেন মিয়া, মো. মাসুম, মো. মাসুদ, মো. অলি, আবদুর রশিদ ও মো. হানিফ। তাঁদের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় আওলাদ হোসেনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ খবর ছড়িয়ে পড়লে বেলা ১১টার দিকে বাঞ্ছারামপুর এসএম পাইলট উচ্চবিদ্যালয় কেন্দ্রের বাইরে মেয়র প্রার্থী খলিলুর রহমানের সমর্থদের মধ্যে উত্তেজনা দেখা দেয়। এরপর পুলিশের সঙ্গে তাঁদের পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। এ সময় চ্যানেল ২৪-এর ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি রিয়াজ উদ্দিন জামি এবং ক্যামেরাম্যান প্রকাশ লাল দাসকে লাঞ্ছিত করা হয়।
দশদোনা সরকারি প্রাথমিক বিদ্যালয়, জগন্নাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, বাঞ্ছারামপুর বালিকা উচ্চবিদ্যালয়, বাঞ্ছারামপুর এসএম পাইলট উচ্চবিদ্যালয়, আছাদনগর উত্তর সরকারি প্রাথমিক বিদ্যালয়, সফিরকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র ঘুরে দেখা গেছে, সকাল থেকেই ভোটারদের উপস্থিতি ছিল লক্ষণীয়।
মেয়র প্রার্থী তফাজ্জল হোসেন দাবি করেন, ‘জগন্নাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে জগ প্রতীকের সমর্থকেরা গিয়ে হামলা চালিয়েছেন, আমাদের লোকজন নয়।’
খলিলুর রহমান বলেন, ‘আমাদের লোকজন হামলা করেনি, কম্পিউটার প্রতীকের লোকজন জগন্নাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র দখল করেছে শুনে সেখানে আমার সমর্থকেরা যাওয়ার পরই কম্পিউটার সমর্থকেরা হামলা চালিয়েছেন।’
উপজেলা নির্বাচন কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা সৌমেন বিশ্বাস ছন্দ বলেন, দুটি কেন্দ্রের বাইরে বিক্ষিপ্ত সংঘর্ষের ঘটনা ঘটেছে। তা ছাড়া পুরো নির্বাচনই ছিল শান্তিপূর্ণ।