কেন্দ্র দখল, ব্যাপক জাল ভোট ৩৪ জনকে জেল-জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুন্সিগঞ্জের লৌহজং উপজেলায় গতকাল শনিবার ১০টি ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচন চলাকালে বিশৃঙ্খলা সৃষ্টি ও জাল ভোট দেওয়ায় ভ্রাম্যমাণ আদালত ৩৪ জনকে জরিমানা ও বিভিন্ন মেয়াদে কারাদণ্ডের আদেশ দিয়েছেন।
উপজেলার পাঁচটি ইউপিতে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের প্রার্থীরা আগেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। অন্য পাঁচটি ইউপিতে কেন্দ্র দখল ও ব্যাপক জাল ভোটের অভিযোগ পাওয়া গেছে।
সকাল সাড়ে ১০টার দিকে ভোট জালিয়াতির অভিযোগ এনে হলদিয়া ইউপিতে আওয়ামী লীগের বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি আক্তার হোসেন নির্বাচন বর্জনের ঘোষণা দেন।
সরেজমিনে বেলা ১১টায় বেজগাঁও ইউপির পূর্ব ভোগদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে দেখা যায়, চেয়ারম্যান পদে ছয়জন প্রার্থীর মধ্যে শুধু আওয়ামী লীগের প্রার্থীর এজেন্ট রয়েছেন। জানতে চাইলে এই কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা ফাহিমা আকতার বলেন, বিএনপিসহ অন্যদের এজেন্টরা নামের তালিকা দিয়েও আসেননি।
পরে লৌহজং বালিকা পাইলট উচ্চবিদ্যালয় কেন্দ্রে গিয়েও বিএনপিসহ অন্য কোনো প্রার্থীদের এজেন্ট পাওয়া যায়নি। বিএনপির কয়েকজন নেতা অভিযোগ করেন, গত শুক্রবার রাতে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর লোকেরা উপজেলা বিএনপির সভাপতি শাহজাহান খানের বাড়িতে ভাঙচুর করেন। পরে পুলিশ এসে উল্টো শাহজাহান খানকে ধরে নিয়ে যায়। এতে আতঙ্কে অনেক কেন্দ্রে এজেন্ট যাননি। যাঁরা গিয়েছিলেন, তাঁদের পরে বের করে দেওয়া হয়।
এ বিষয়ে জানতে চাইলে লৌহজং থানার ওসি জাকির হোসেন মোল্লা বলেন, বিএনপির কর্মী-সমর্থকেরা আওয়ামী লীগের প্রার্থীর সমর্থকদের ওপর হামলা করেন। এ ঘটনায় আওয়ামী লীগের প্রার্থী আমির হোসেন বাদী হয়ে শাহজাহানকে আসামি করে মামলা করেন। পরে তাঁকে গ্রেপ্তার করা হয়। শাহজাহান খানের বাড়ি ভাঙচুরের ঘটনা সত্য নয়।
উপজেলার কনকসার ইউপির কনকসার সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে দুপুর ১২টায় দেখা যায়, শুধু নৌকার প্রার্থীর এজেন্ট আছেন। ভোটারশূন্য কেন্দ্রটির ৩ নম্বর মহিলা বুথে নৌকার এক এজেন্ট ব্যালট পেপারে সিল মারছিলেন। এ সময় পুলিশের এক সদস্য তাঁকে বাধা দেন। কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা মুখলেসুর রহমান বলেন, ‘আমি খবর পেয়ে তাৎক্ষণিক ব্যবস্থা নিই।’
পাশেই কনকসার ইউনিয়ন ভূমি কার্যালয় কেন্দ্রে গিয়ে দেখা, এক সদস্য প্রার্থীর এজেন্ট সহকারী প্রিসাইডিং কর্মকর্তার সামনেই ব্যালটে সিল মারছেন। এই কেন্দ্রেই বেলা একটা ২৫ মিনিটে মহিলা বুথে একদল বহিরাগত পুরুষ ঢোকেন। তাঁরা একের পর এক ব্যালটে সিল মারেন। এ বিষয়ে কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা লুৎফর রহমান শিকদারের কাছে জানতে চাইলে তিনি চুপ করে থাকেন।
সাড়ে ১২টার দিকে হলদিয়া ইউনিয়নের হলদিয়া উচ্চবিদ্যালয় কেন্দ্রে দেখা যায়, ভোটারশূন্য কেন্দ্রের মাঠে লিখন মৃধা নামের এক যুবককে ধরে বসিয়ে রেখেছে পুলিশ। এর কিছুক্ষণ পর বিচারিক হাকিম উমা রানী দাস ওই যুবককে পাঁচ হাজার টাকা জরিমানা, অনাদায়ে ১৫ দিনের কারাদণ্ডের আদেশ দেন। কিন্তু সাজা দিয়ে ভ্রাম্যমাণ আদালত চলে যাওয়ার পর এই কেন্দ্রে আবার এজেন্ট ও বহিরাগতরা প্রকাশ্যে ব্যালটে সিল মারেন।
বেলা তিনটায় লৌহজং থানার মাঠে কনকসার ইউপির আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী আবুল কালাম আজাদ বলেন, ‘ভ্রাম্যমাণ আদালত আমাদের কয়েকজন কর্মীকে সাজা দিয়েছেন। এর মাধ্যমে ভোটের পরিবেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে।’
নির্বাচনের দায়িত্বে থাকা অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ হারুন অর রশীদ বলেন, ‘কেউ বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলেই তাঁদের ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সাজা দিয়েছি। ইতিমধ্যে ৩৪ জনকে অর্থদণ্ডসহ বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে।’