ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে মুন্সিগঞ্জ সদর উপজেলার ৩টি ও টঙ্গিবাড়ী উপজেলার ১২টি ইউপিতে ভোট হয়। এর মধ্যে সদরের রামপাল ও পঞ্চসার এবং টঙ্গিবাড়ীর যশলং, বালিগাঁও ও আউটশাহী ইউপিতে কেন্দ্র দখলের চেষ্টা ও সংঘর্ষের ঘটনা ঘটে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী গুলি ও কাঁদানে গ্যাসের শেল ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তিনটি কেন্দ্রে ভোট স্থগিত করা হয়।
অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট শওকত আলম মজুমদার বলেন, ব্যালট পেপার ছিনতাই ও কেন্দ্র দখলের চেষ্টাসহ বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে ভ্রাম্যমাণ আদালত সদরে ৩ জন ও টঙ্গিবাড়ীতে ১১ জনকে বিভিন্ন মেয়াদে জেল ও জরিমানা করেছেন।
সরেজমিন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সকাল সাড়ে ১০টায় রামপাল ইউপির কাজী কসবা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ঢুকে মোরগ মার্কার সদস্য প্রার্থীর সমর্থকেরা ব্যালট পেপারে সিল মারতে থাকেন। প্রতিদ্বন্দ্বী প্রার্থী তালা মার্কার সমর্থকেরা এতে বাধা দেন। এতে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। এ সময় পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে শটগানের ১২টি গুলি ছোড়ে। একপর্যায়ে মোরগ মার্কার সমর্থকেরা আট শতাধিক ব্যালট পেপার নিয়ে পালিয়ে যায়। ঘটনার পরপরই কেন্দ্রে ভোট গ্রহণ বন্ধ করে দেওয়া হয়। এর আগে সকাল ১০টার দিকে একই ইউপির মিল্কিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ফুটবল, মোরগ ও সিলিং ফ্যান মার্কার সদস্য প্রার্থীরা কেন্দ্র দখল করে ব্যালটে সিল মারার চেষ্টা করলে সংঘর্ষ বাধে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পাঁচ-ছয়টি গুলি ছোড়ে। এ ঘটনায় সদস্য প্রার্থীসহ চারজন আহত হন। এক ঘণ্টা ভোট গ্রহণ বন্ধ ছিল।
এদিকে পঞ্চসার ইউপির আদারিয়া তলা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে সকাল সাড়ে নয়টায় বোমা ফাটিয়ে আতঙ্ক সৃষ্টি করলে কিছু সময় ভোট গ্রহণ বন্ধ থাকে। পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতায় পরিস্থিতি স্বাভাবিক হয়। এ কেন্দ্রে দুপুর পৌনে দুইটার দিকে ক্ষমতাসীন দলের সমর্থকেরা ব্যালটে সিল মারার চেষ্টা করলে পুলিশ শটগানের গুলি ও কাঁদানে গ্যাসের শেল ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। একই ইউপির ওসমান মডার্ন বিদ্যালয়ে ব্যালটে সিল মারার চেষ্টা করলে পুলিশ শটগানের গুলি ও কাঁদানে গ্যাসের শেল ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইউনুচ ভূইয়া বলেন, এ কেন্দ্রে টিপসই ছাড়াই দেড় থেকে দুই শ ব্যালট পেপারে সিল দিয়ে তা বাক্সে ঢোকানো হয়।
দুপুর ১২টার দিকে টঙ্গিবাড়ীর যশলং ইউপির সেরাজাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নৌকা মার্কার সমর্থকেরা দুই শতাধিক ব্যালটে সিল মারেন। এ ঘটনায় ওই কেন্দ্রের ভোট গ্রহণ স্থগিত করা হয়। দুপুর দুইটার দিকে একই ইউপির টুনিসার সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে আওয়ামী লীগের সমর্থকেরা কেন্দ্র দখল করে ব্যালটে সিল মারার চেষ্টা করেন। এতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা বাধা দেন। এর মধ্যেই সাত শতাধিক ব্যালটে সিল মারা হয়। এ কারণে এই কেন্দ্রের ভোট গ্রহণ স্থগিত করা হয়। টঙ্গিবাড়ীর বালিগাঁও ইউপির গোয়ারা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র দখলের চেষ্টা করলে শ্রীনগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) দিলরুবা শারমিন এতে বাধা দেন। এ কারণে তাঁকে (দিলরুবা) ঘেরাও করে রাখা হয়। খবর পেয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট সায়েদ ইকবাল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিয়ে গিয়ে তাঁকে উদ্ধার করেন। এ ছাড়া আউটশাহী ইউপির পুরাডিসি ও বেতকা ইউপির কয়েকটি কেন্দ্র দখলের ঘটনায় সংঘর্ষ হয়। এসব ঘটনায় প্রায় ৩৫ জন আহত হন।
জেলা নির্বাচন কর্মকর্তা ফয়সাল কাদের বলেন, ব্যালট পেপারে সিল ও ব্যালট ছিনতাইয়ের কারণে তিন কেন্দ্রের ভোট গ্রহণ স্থগিত করা হয়েছে।