কেন্দ্র দখল, জাল ভোটসহ নানা অনিয়মের অভিযোগের মধ্য দিয়ে লক্ষ্মীপুর সদর উপজেলার তিনটি ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচনের ভোট গ্রহণ শেষ হয়েছে।
নির্বাচন চলাকালে সংঘর্ষে আটজন আহত হয়েছেন। জাল ভোটের কারণে একটি কেন্দ্রের ভোট গ্রহণ স্থগিত করা হয়। এ ছাড়া দুটি ভোটকেন্দ্র থেকে চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সকাল সাড়ে আটটার দিকে শাকচর ইউনিয়নের উত্তর টুমচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভোটকেন্দ্রে গিয়ে দেখা যায়, বিএনপির চেয়ারম্যান পদপ্রার্থী রাব্বি এলাহি জহিরের কোনো এজেন্ট নেই। এ বিষয়ে জানতে চাইলে কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা মো. মোরশেদ আলম বলেন, বিএনপির প্রার্থীর এজেন্টের কোনো তালিকা পাওয়া যায়নি।
স্থানীয় সূত্র থেকে জানা যায়, বেলা সাড়ে ১১টার দিকে টুমচর ইউনিয়নের টুমচর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে সদস্য পদপ্রার্থী কামাল উদ্দিন ও ইসমাইল হোসেনের সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়। এতে দুই প্রার্থীসহ নয়জন আহত হন। আহত ব্যক্তিরা হলেন জয়নব বানু, মো. বাহার, আলমগীর হোসেন, মো. রিয়াজ, আলেয়া বেগম, জহির উদ্দিন, মো. মনির, সদস্য প্রার্থী কামাল উদ্দিন ও ইসমাইল হোসেন। তাঁদের মধ্যে আলমগীর হোসেন, মো. রিয়াজ, আলেয়া বেগম ও জহির উদ্দিনকে লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
টুমচর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা হাসিবুল সিদ্দিক বলেন, কেন্দ্রে প্রভাব বিস্তারকে কেন্দ্র করে দুই সদস্য প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়।
সকাল সাড়ে ১০টার দিকে টুমচর ইউনিয়নের আসাদ একাডেমি ভোটকেন্দ্রে গিয়ে দেখা যায়, স্বতন্ত্র চেয়ারম্যান পদপ্রার্থী আলী আকবরের কোনো এজেন্ট নেই। কেবল আওয়ামী লীগের প্রার্থী নুরুল আমিনের এজেন্টরা আছেন।
এ বিষয়ে জানতে চাইলে কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা শাহাদাত উল্যাহ বলেন, স্বতন্ত্র প্রার্থীর কোনো এজেন্ট কেন্দ্রে আসেননি।
নির্বাচন কার্যালয় সূত্র থেকে জানা যায়, দুপুর ১২টার দিকে টুমচর ইউনিয়নের কালিরচর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে বহিরাগতরা জোর করে ভোট দিতে চাইলে প্রিসাইডিং কর্মকর্তা ভোট গ্রহণ স্থগিত করেন। প্রিসাইডিং কর্মকর্তা মো. বেলাল হোসেন বলেন, ‘কয়েকজন যুবক ভোটকেন্দ্রের ভেতরে ঢুকে জোর করে ব্যালট পেপার নিতে চাইলে আমি ভোট গ্রহণ স্থগিত করে দিই।’
স্থানীয় সূত্র থেকে জানা যায়, সদর উপজেলার উত্তর হামছাদী ইউনিয়নের শ্যামনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে বেলা ১১টার দিকে সাধারণ সদস্য প্রার্থী ওমর ফারুকের সমর্থকেরা অপর প্রার্থী কামাল হোসেনের এজেন্ট ও লোকজনকে কেন্দ্র থেকে বের করে দেন।
কামাল হোসেনের অভিযোগ, ওমর ফারুক কেন্দ্র দখল করে এক হাজার জাল ভোট দিয়েছেন। তবে কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা আবদুর রহমান বলেন, কেন্দ্র দখল করে জাল ভোটের কোনো ঘটনা ঘটেনি।
পুলিশ জানায়, জাল ভোট দেওয়ার অভিযোগে বেলা একটার দিকে টুমচর ইউনিয়নের হাফেজিয়া নুরানী মাদ্রাসা ভোটকেন্দ্র থেকে মো. হেলাল, জাকির হোসেন, মো. রুবেল এবং টুমচর মাদ্রাসা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র থেকে রিয়াজুল করিম নামের এক ব্যক্তিকে পুলিশ গ্রেপ্তার করেছে।
শাকচর ইউনিয়নে বিএনপির প্রার্থী রাব্বি এলাহি প্রথম আলোকে বলেন, আওয়ামী লীগের প্রার্থীর বাড়ির সামনের ভোটকেন্দ্রে এজেন্ট-সংক্রান্ত কাগজ দিতে গেলে তাঁর লোকজনকে ভয়ভীতি দেখিয়ে কেন্দ্র থেকে বের করে দেওয়া হয়েছে। তিনি বলেন, নৌকার প্রার্থীর সমর্থকদের হুমকিতে তাঁর এজেন্টরা কাজ করতে পারেননি।
তবে আওয়ামী লীগের চেয়ারম্যান পদপ্রার্থী তাফাজ্জল হোসেন চৌধুরী বলেন, বিএনপির প্রার্থীর অভিযোগ সত্য নয়। তিনি পরাজিত হবেন বলেই নির্বাচনের মাঠে ছিলেন না।
লক্ষ্মীপুরের সহকারী পুলিশ সুপার মো. নাসিম মিয়া বলেন, দু-একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ শেষ হয়েছে।