সিরাজগঞ্জে প্রাক্-প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার কেন্দ্র পরিচালনা কমিটির সদস্যদের টাকা নিয়মবহির্ভূতভাবে দায়িত্বপ্রাপ্ত সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তারা নিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা কৌশলে কেন্দ্র সুপারদের টাকা দিতে বাধ্য করেছেন।
জেলা প্রশাসন ও জেলা প্রাথমিক শিক্ষা কার্যালয় সূত্র জানায়, গতকাল শুক্রবার সিরাজগঞ্জে প্রাক্-প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়। সিরাজগঞ্জ শহর ও উল্লাপাড়া উপজেলার ৩৩টি শিক্ষাপ্রতিষ্ঠানে অনুষ্ঠিত পরীক্ষায় ২৬ হাজার ৭৪৫ জন প্রার্থী অংশ নেন। এই পরীক্ষা সুষ্ঠুভাবে পরিচালনার জন্য প্রতি ২০ জন প্রার্থীর জন্য একজন কক্ষ পরিদর্শক নিয়োগ করা হয়। একই সঙ্গে প্রতিটি প্রতিষ্ঠানপ্রধানকে কেন্দ্র সুপার করে চার সদস্যবিশিষ্ট কেন্দ্র পরিচালনা কমিটি গঠন করা হয়।
শহরের বিএল সরকারি উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক নাজিমুদ্দিন বলেন, নিয়ম না থাকলেও জেলা প্রাথমিক শিক্ষা কার্যালয়ের অতিরিক্ত জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার চাপে তিনি তাঁর কেন্দ্রের সহকারী শিক্ষা কর্মকর্তাকে ১ হাজার ৫০০ টাকা দিয়েছেন। হৈমবালা বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক আনোয়ার হোসেন বলেন, জেলা শিক্ষা কর্মকর্তা সহকারী শিক্ষা কর্মকর্তাদের টাকা দিতে বাধ্য করেন।
এ বিষয়ে শাহজাদপুর উপজেলার সহকারী শিক্ষা কর্মকর্তা ও জ্ঞানদায়িনী উচ্চবিদ্যালয় কেন্দ্রে দায়িত্বপ্রাপ্ত আবু সাঈদ বলেন, ‘জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার সঙ্গে আলোচনা করে তাঁর নির্দেশে কেন্দ্র সুপারের কাছ থেকে ১ হাজার ৫০০ টাকা নিয়েছি।’
জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নুর ইসলাম প্রথম আলোকে বলেন, ‘কোনো কেন্দ্র সুপারকে সহকারী শিক্ষা কর্মকর্তাকে টাকা প্রদানের জন্য বলা হয়নি। এখন ব্যস্ত আছি বলে ফোন কেটে দেন।’
ভারপ্রাপ্ত জেলা প্রশাসক কামরুল ইসলাম বলেন, ‘ঘটনাটি তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করা হবে।’