কেন্দ্রসচিবকে অব্যাহতি, কক্ষ পরিদর্শককে জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা মাধ্যমিক বিদ্যালয় এসএসসি পরীক্ষাকেন্দ্রের সচিব ফেরদৌস রহমানকে দায়িত্ব থেকে অব্যাহতি ও কক্ষ পরিদর্শক ছানোয়ার হোসেনকে ভ্রাম্যমাণ আদালতে ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে এক মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।
গতকাল শুক্রবার গণিত পরীক্ষা চলাকালে কর্তব্যে অবহেলা ও উত্তরপত্র লিখতে সহায়তা করার অভিযোগে ওই দুই শিক্ষককে এই শাস্তি দেওয়া হয়। দামুড়হুদা ইউএনও ফরিদুর রহমান এই শাস্তি দেন।
ইউএনওর কার্যালয় সূত্রে জানা গেছে, সুষ্ঠুভাবে পরীক্ষা গ্রহণের স্বার্থে কোনো কক্ষ পরিদর্শককে তাঁর নিজের বিদ্যালয়ের পরীক্ষার্থীদের কক্ষে দায়িত্ব না দেওয়ার নির্দেশনা রয়েছে। কিন্তু ফেরদৌস রহমান তালসারি মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ছানোয়ার হোসেনকে গতকালের গণিত পরীক্ষায় তাঁর বিদ্যালয়ের পরীক্ষার্থীদের কক্ষে দায়িত্ব দেন। আর ছানোয়ার হোসেন তাঁর বিদ্যালয়ের এক পরীক্ষার্থীকে উত্তরপত্র লিখতে সরাসরি সহযোগিতা করলে নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু তাহের মো. শামসুজ্জামান হাতেনাতে ধরে ফেলেন। এরপর তিনি বিষয়টি ইউএনওকে জানান।