কেন্দ্রে আগুন, পুড়ে গেছে দাখিলের ১৪০টি খাতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি জানান, সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার ধানগড়া ফাজিল সিনিয়র মাদ্রাসা কেন্দ্রে গতকাল বৃহস্পতিবার আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে দাখিল পরীক্ষার জন্য রাখা খাতার মধ্যে ১৪০টি পুড়ে গেছে। 
মাদ্রাসাসংশ্লিষ্ট কয়েকটি সূত্রে জানা যায়, গতকাল সন্ধ্যার পর মাদ্রাসার অধ্যক্ষের কক্ষে রাখা একটি বাক্সের মধ্যে দাহ্য পদার্থ ঢেলে আগুন লাগিয়ে দেয় দুর্বৃত্তরা। আগুনে দাখিল পরীক্ষার ১৪০টি খাতা আংশিক পুড়ে গেছে। খবর পেয়ে রায়গঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা, রায়গঞ্জ থানার পুলিশ, মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি মাদ্রাসায় আসেন।
মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি কে এম জহুরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সন্ধ্যার সময়ে দুর্বৃত্তরা এ ঘটনা ঘটিয়েছে।
রায়গঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফিরোজ শাহ্ বলেন, পরীক্ষা বানচাল করার জন্য দুর্বৃত্তরা খাতা নষ্ট করেছে।
রায়গঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদুল ইসলাম বিশ্বাস বলেন, ওই ঘটনায় জড়িত ব্যক্তিদের ধরতে পুলিশ অভিযানে নেমেছে।