সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় কেন্দ্রের ভেতরেই জেএসসি পরীক্ষার্থীকে এক শিক্ষক শ্লীলতাহানি করেছেন বলে অভিযোগ উঠেছে। বিদ্যালয় কর্তৃপক্ষ তাৎক্ষণিকভাবে তাঁকে সাময়িক বরখাস্ত ও কারণ দর্শানোর নোটিশ দিয়েছে।
এলাকাবাসী ও বিদ্যালয়সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, গত বুধবার উপজেলার চান্দাইকোনা বহুমুখী উচ্চবিদ্যালয় কেন্দ্রে জেএসসি পরীক্ষা দিচ্ছিল উপজেলার ঘুড়কা আদর্শ উচ্চবিদ্যালয়ের পরীক্ষার্থীরা। ওই কেন্দ্রের ১১ নম্বর কক্ষে পরীক্ষা দিচ্ছিল ওই ছাত্রী। একাধিকবার ওই কক্ষে আসেন ঘুড়কা আদর্শ উচ্চবিদ্যালয়ের ওই সহকারী শিক্ষক। তিনি প্রশ্ন দেখার কথা বলে ওই ছাত্রীর শ্লীলতাহানি করেন। তাঁর জ্বালাতন সহ্য করতে না পেরে পরীক্ষা শেষ হওয়ার আগেই মেয়েটি কক্ষ থেকে বেরিয়ে কান্নায় ভেঙে পড়ে। এ সময় ঘুড়কা আদর্শ উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক গোকুল চন্দ্র ছাত্রীটিকে ঘটনা বিচারের আশ্বাস দিয়ে বাড়ি চলে যেতে বলেন।
প্রধান শিক্ষক গোকুল চন্দ্র বলেন, ঘটনার পর বুধবার সন্ধ্যায় বিদ্যালয় পরিচালনা কমিটি জরুরি সভায় বসে। সভায় ওই শিক্ষককে সাময়িক বরখাস্ত করা হয়। পাশাপাশি তাঁকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। ৪৮ ঘণ্টার মধ্যে নোটিশের জবাব দিতে হবে।
এদিকে মেয়েটি বাড়ি ফিরে ঘটনাটি পরিবারের সদস্যদের কাছে খুলে বলে। তার মা এ বিষয়ে গতকাল দুপুরে ইউএনও কাছে লিখিত অভিযোগ করেন।
রায়গঞ্জের ইউএনও ইকবাল আখতার বলেন, মেয়েটির পরিবারকে মামলা করতে বলা হয়েছে।