কেন্দ্রে ঢুকে পরীক্ষার্থীদের মারধর করল ছাত্রলীগ!
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিত মাস্টার্স (পূর্বভাগ) পরীক্ষা চলাকালে রাজশাহী সিটি কলেজ কেন্দ্রে চাঁদার দাবিতে তিনজন পরীক্ষার্থীকে মারধর করা হয়েছে। গতকাল সোমবার ছাত্রলীগের স্থানীয় কর্মীরা ওই হামলা চালান বলে অভিযোগ উঠেছে।
ওই কেন্দ্র-সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গতকাল রাজশাহী কলেজের শিক্ষার্থীরা সিটি কলেজ কেন্দ্রে ব্যবস্থাপনা বিভাগের পরীক্ষা দিচ্ছিলেন। বেলা দুইটা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত পরীক্ষা চলে। বেলা দুইটার আগে পরীক্ষার্থীরা যখন কক্ষে প্রবেশ করেন, তখন ছাত্রলীগের কর্মীরা তাঁদের কয়েকজনের কাছে নির্দিষ্ট পরিমাণ টাকা দাবি করেন এবং টাকা না দিলে প্রবেশপত্র কেড়ে নেওয়ার হুমকি দেন। এর আগে গত বৃহস্পতিবার প্রথম পরীক্ষার দিনে ২০১ নম্বর কক্ষে ঢুকে এভাবে তাঁরা কয়েকজন পরীক্ষার্থীর কাছ থেকে টাকা আদায় করেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল পরীক্ষা শুরু হওয়ার আগে কেন্দ্রসচিব সিটি কলেজের অধ্যক্ষ রুহুল আমিন পরীক্ষার কক্ষে পাঠানোর জন্য শিক্ষকদের মধ্যে প্রশ্নপত্র বণ্টন করছিলেন। তখন ছাত্রলীগের কর্মী সৌরভ ও শাহরুখের নেতৃত্বে ৮-১০ জন কেন্দ্রের ২১৮ নম্বর কক্ষে ঢুকে তিনজন পরীক্ষার্থীর কাছে টাকা চান। টাকা দিতে অস্বীকৃতি জানালে ছাত্রলীগের কর্মীরা তাঁদের বাইরে ধরে নিয়ে যান। এ খবর শুনে কলেজের অধ্যক্ষ ঘটনাস্থলে আসেন। অধ্যক্ষ তাঁদের কাছে পরীক্ষার্থীদের ধরে আনার কারণ জানতে চাইলে তাঁদের একজন বলেন, ‘এরা নকল করছে। স্যার, আপনারা এদের নকল করাচ্ছেন।’ ‘নকল করলে শিক্ষকেরা ব্যবস্থা নেবেন। তোমরা বলার কে?’—অধ্যক্ষ এ কথা বলার পরও ছাত্রলীগের কর্মীরা পরীক্ষার্থীদের মারধর শুরু করেন। একপর্যায়ে অন্য শিক্ষকেরা এগিয়ে এলে ছাত্রলীগের কর্মীরা সেখান থেকে চলে যান।
ঘটনার সত্যতা নিশ্চিত করে অধ্যক্ষ রুহুল আমিন বলেন, বৃহস্পতিবারও একইভাবে তাঁরা কয়েকজন পরীক্ষার্থীর কাছ থেকে টাকা নিয়ে গেছেন। অবস্থা বুঝে তিনি পুলিশ চেয়েছিলেন। কিন্তু তাঁকে জানানো হয়েছে, জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষায় পুলিশ দায়িত্ব পালন করতে পারবে না। হামলাকারীরা ছাত্রলীগের কর্মী কি না—জানতে চাইলে অধ্যক্ষ বলেন, ‘এরাই কলেজে ছাত্রলীগের স্লোগান দেয়। কলেজের সবাই এদের ভালো করে চেনেন।’
ঘটনাটি শোনার পরে রাজশাহী কলেজের অধ্যক্ষ হবিবুর রহমান তাঁর কলেজের দুজন শিক্ষককে সিটি কলেজ কেন্দ্রে পাঠান। তাঁদের একজন হচ্ছেন আনিসুজ্জামান। তিনি ঘটনার সত্যতা পেয়েছেন বলে জানিয়েছেন।
অধ্যক্ষ হবিবুর রহমান প্রথম আলোকে বলেন, তিনি মহানগর ছাত্রলীগের সভাপতিকে বিষয়টি জানিয়েছেন। এখন কেউ কোনো সহযোগিতা না করলে তিনি আগামী পরীক্ষার দিন তাঁর কলেজের ১০ জন শিক্ষককে লাঠি নিয়ে পরীক্ষাকেন্দ্রে পাঠাবেন।
রাজশাহী মহানগর ছাত্রলীগের সভাপতি রকি কুমার ঘোষ বলেন, সৌরভ ও শাহরুখ নামের কাউকে তিনি চিনতে পারছেন না। যাঁরা ঘটনা ঘটিয়েছেন, তাঁরা ছাত্রলীগের কেউ নন বলে তিনি দাবি করেন।
বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাদাত হোসেন খান বলেন, সারাক্ষণ ওই কেন্দ্রে দায়িত্ব পালন করার মতো লোকবল তাঁদের নেই। তারপরেও যেহেতু একটা ঘটনা ঘটেছে, আগামী দিন থেকে সেখানে সার্বক্ষণিক পুলিশ থাকবে।