কেন্দ্রে না যেতে হুমকি, শঙ্কিত ভোটাররা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘ভোট হবে ওপেনে, গোপনে দিতে চাইলে কেন্দ্রে যাওয়ার প্রয়োজন নেই।’ সশস্ত্র অবস্থায় এভাবেই স্বতন্ত্র (আওয়ামী লীগের বিদ্রোহী) এবং বিএনপির মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থীদের নির্বাচনী এজেন্ট ও কর্মী-সমর্থকের বাড়ি বাড়ি গিয়ে হুমকি দেওয়া হচ্ছে। এ কারণে সাধারণ ভোটাররা তাঁদের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারবেন কি না, তা নিয়ে শঙ্কিত।
আওয়ামী লীগের চেয়ারম্যান পদপ্রার্থী ও তাঁদের কর্মী-সমর্থকেরা এ হুমকি দিচ্ছেন বলে অভিযোগ করেছেন স্বতন্ত্র ও বিএনপির চেয়ারম্যান প্রার্থী ও তাঁদের সমর্থকেরা। ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের এ চিত্র পটুয়াখালীর বাউফল উপজেলার বগা, কনকদিয়া, সূর্যমণি, ধূলিয়া, কালিশুরী, চন্দ্রদ্বীপ ও কেশবপুর ইউপিতে।
বগা ইউনিয়নের স্বতন্ত্র (আওয়ামী লীগের বিদ্রোহী) চেয়ারম্যান প্রার্থী এস এম ইউসুফ বলেন, ‘আজ (গতকাল সোমবার) সকালে সাবুপুরা গ্রামে এজেন্টদের কাছে কাগজ পৌঁছে দেওয়ার জন্য গেলে নৌকা প্রতীকের সমর্থকেরা আমার ওপর হামলা চালায় এবং আমার এজেন্টদের ভোটকেন্দ্রে না যাওয়ার জন্য হুমকি দেয়।’
কনকদিয়া ইউপির স্বতন্ত্র (আওয়ামী লীগের দুই বিদ্রোহী) চেয়ারম্যান পদপ্রার্থী মিজানুর রহমান ও শফিকুল ইসলাম অভিযোগ করেন, নৌকার প্রার্থী ও সমর্থকেরা নিশ্চিত পরাজয় বুঝতে পেরে ভোটারদের কেন্দ্রে না যাওয়ার জন্য হুমকি দিচ্ছে। একই অভিযোগ সূর্যমণি ইউপির আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী জসিম উদ্দিন ফরাজীর। তিনি বলেন, ভোটাররা তাঁদের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারবেন কি না, তা নিয়ে শঙ্কিত।
ধূলিয়া ইউপির বিএনপির প্রার্থী আবদুল জব্বার বলেন, ‘প্রতীক বরাদ্দের দিন থেকে (২৩ ফেব্রুয়ারি) আমাকে ও আমার কর্মী-সমর্থকের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে এলাকাছাড়া করা হয়েছিল। ১৯ মার্চ প্রশাসনের সহযোগিতায় এলাকায় ঢুকতে পেরেছি। কিন্তু কোনো প্রচারে অংশ নিতে পারিনি। আমাকে গৃহবন্দী করে রাখা হয়েছে। এতেও ক্ষান্ত হয়নি নৌকা প্রতীকের প্রার্থী। এখন ভোটারদের কেন্দ্রে না যাওয়ার জন্য হুমকি দেওয়া হচ্ছে।’
কেশবপুর ইউপির স্বতন্ত্র প্রার্থী মো. তসলিম তালুকদার বলেন, ‘কাউকে সঙ্গে নিয়ে প্রচারণা চালাতে পারিনি। এখন ভোটের এক দিন আগে আওয়ামী লীগের প্রার্থী ও তাঁর সমর্থকেরা সশস্ত্র অবস্থায় আমার কর্মী-সমর্থকের বাড়ি বাড়ি গিয়ে হুমকি দিচ্ছে ‘ভোট হবে ওপেনে, গোপনে দিতে চাইলে কেন্দ্রে যাওয়ার প্রয়োজন নেই।’
চন্দ্রদ্বীপ ইউপির কাশেম দরজি (৪৫) নামে স্বতন্ত্র প্রার্থীর এক সমর্থক বলেন, ‘হ্যারা (নৌকার প্রার্থী) এক ভোট পাইলেও বোলে চেয়ারম্যান অইবো। হেইয়ার লইগ্যা আমাগোরে কাইল (আজ মঙ্গলবার) কেন্দ্রে যাইতে মানা কইরা গ্যাছে।’
উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বগা ইউপিতে আওয়ামী লীগের চেয়ারম্যান পদপ্রার্থী আবদুল মোতালেব হাওলাদার বলেন, ‘উল্লিখিত অভিযোগ মিথ্যা ও ভিত্তিহীন।’ তাঁদের কোনো প্রার্থী ও প্রার্থীর কর্মী-সমর্থকেরা প্রতিদ্বন্দ্বী বিএনপি কিংবা স্বতন্ত্র কোনো প্রার্থী ও তাঁদের কোনো কর্মী-সমর্থককে হুমকি দেয়নি। বিষয়টিকে তিনি শেষ মুহূর্তের সাজানো নাটক বলে দাবি করেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আবদুল্লাহ আল মাহমুদ জামান বলেন, ভোটাররা যাতে ভোটকেন্দ্রে গিয়ে তাঁদের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারেন, সেই বিষয়টিকে প্রাধান্য দিয়ে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।
ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ: পটুয়াখালী প্রতিনিধি জানান,গতকাল পটুয়াখালী জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মজিবুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে ইউপি নির্বাচনে ভোটাররা যাতে নির্বিঘ্নে ভোট দিতে পারেন সেই পরিবেশ সৃষ্টির দাবি জানানো হয়েছে। এতে বলা হয়, বিভিন্ন ইউনিয়নে দলীয় কর্মী-সমর্থকদের বাড়ি বাড়ি গিয়ে হামলা, মামলার ভয়ভীতি দেখানো হচ্ছে।