
বগুড়ার শেরপুর উপজেলার ১০টি ইউনিয়ন পরিষদের (ইউপি) অনেক ভোটকেন্দ্রেই গতকাল শনিবার প্রকাশ্যে ভোট কিনতে দেখা গেছে। আওয়ামী লীগ ও বিএনপি উভয় দলের প্রার্থীর কর্মীদের বিরুদ্ধেই এ অভিযোগ পাওয়া গেছে। এ ছাড়া বিভিন্ন কেন্দ্রের বাইরে বিক্ষিপ্ত বিশৃঙ্খলা ঘটেছে।
দুপুর পৌনে ১২টায় উপজেলার মির্জাপুর ইউনিয়নের মির্জাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রের ভেতরে ঢুকে প্রকাশ্যে ভোটারদের হাতে টাকা দিচ্ছিলেন বিএনপি প্রার্থীর কর্মীরা। এ দৃশ্য ক্যামেরাবন্দী করতে গেলে দৌড়ে পালান তাঁরা।
আওয়ামী লীগের প্রার্থী মোহাম্মদ আলী বলেন, ‘সকাল থেকেই এখানে ধানের শীষের প্রার্থী মোস্তাফিজুর রহমানের পক্ষে ভোট কিনছেন তাঁর কর্মী জাহিদুল ইসলাম। সালাম নামের একজন কর্মীকে সঙ্গে নিয়ে জাহিদুল টাকা দিয়ে ভোটারদের প্রভাবিত করছেন।’
জাহিদুল ইসলাম বলেন, তিনি ভোট কেনেননি। ভোটারদের কুশলাদি জানতে কেন্দ্রে গিয়েছিলেন। তবে দু-একজন কর্মীকে মিষ্টি খাওয়ার টাকা দিয়েছেন।
বিএনপির প্রার্থী মোস্তাফিজুর রহমান বলেন, ‘টাকা দিয়ে ধানের শীষের ভোট কেনার অভিযোগ ঠিক নয়।’
বেলা পৌনে ১১টায় শাহ বন্দেগী ইউপির আদর্শ শিক্ষা পল্লী স্কুল কেন্দ্রের বাইরে ঢাকা-রংপুর মহাসড়কে দুই পক্ষকে লাঠি হাতে পাল্টাপাল্টি ধাওয়া দিতে দেখা যায়। এ সময় প্রতিদ্বন্দ্বী দুই সদস্য প্রার্থীর সমর্থকদের কেন্দ্রের ভেতরে ঢুকে স্লোগান এবং ভোটারদের প্রভাবিত করার দৃশ্যও চোখে পড়ে। কেন্দ্রের ভেতরে প্রত্যেক কক্ষেই এজেন্ট ছাড়াও লোকজন বসে থাকতে দেখা যায়।
ভোটারেরা বলেন, সকাল থেকেই ৯ নম্বর ওয়ার্ডের সদস্য পদপ্রার্থী জামায়াত-সমর্থিত মকবুল হোসেন ও বিএনপি-সমর্থিত জিয়াউর রহমানের কর্মীদের মধ্যে প্রকােশ্য লাঠি নিয়ে মহড়া চলছে। পুলিশ নীরব দর্শকের ভূমিকা পালন করছে। কেন্দ্রের ভেতরেই ভোট কেনা-বেচা চলছে। আমিনুল নামের একজন বলেন, ‘নৌকার লোকজন ৫০০ এবং ধানের শীষের লোকজন ১ হাজার টাকায় ভোট কিনছেন।’ প্রিসাইডিং কর্মকর্তা সাইফুল ইসলাম বলেন, ‘ভোট সুষ্ঠু হচ্ছে। অবাঞ্ছিত কেউ ভেতরে নেই।’
ভোটকেন্দ্রের বাইরে প্রার্থী ও সমর্থকদের মিছিল-স্লোগান ও ভোট কেনা-বেচার দৃশ্য ছিল মির্জাপুরের কৃষ্ণপুর ও কাশিয়াবালা, খানপুর ইউপির ভাটরা ও চকখানপুর, সুঘাটের সাতারা এবং খামারকান্দি ইউপির পার ভবানীপুর উচ্চবিদ্যালয় কেন্দ্রে।
সকাল সোয়া ১০টা। গাড়িদহ ইউপির মহিপুর কলোনি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভোটকেন্দ্র। মহাসড়কের পাশেই ভোটকেন্দ্র। কেন্দ্র থেকে মহাসড়ক পর্যন্ত মিছিল নিয়ে বেড়াচ্ছিলেন আওয়ামী লীগের প্রার্থী মোকাব্বর হোসেনের শ খানেক কর্মী। মিছিল থেকে টাকা দিয়ে ভোটারদের প্রভাবিত করার চেষ্টা করছিলেন তাঁরা।
তবে কেন্দ্রের বাইরে প্রার্থী-সমর্থকদের এমন দাপটের চিত্র থাকলেও ভেতরের চিত্র ছিল উল্টো। প্রতিটি বুথেই ভোটের পরিবেশ ছিল সুশৃঙ্খল। পুলিশ, বিজিবি, র্যা ব ও ভিজিল্যান্স টিমের নির্বাহী ম্যাজিস্ট্রেট তৎপর থাকায় ভেতরে প্রভাব খাটাতে পারেননি কেউ।
নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ধুনট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হাফিজুর রহমান বলেন, ‘বাইরে বিশৃঙ্খলার চেষ্টা হচ্ছে। ভেতরে কেউ আসতে পারছে না।’
সকাল ১০টা। গাড়িদহ ইউপির গাড়িদহ সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্র। প্রত্যেকটি কক্ষেই এজেন্ট ছাড়াও পাঁচ-ছয়জন করে ক্ষমতাসীন দলের কর্মী সহকারী প্রিসাইডিং কর্মকর্তার পাশে অবস্থান করছেন। পরিচয় জানতে চাইতে তাঁরা প্রার্থীর এজেন্ট দাবি করেন। কিন্তু কোনো পরিচয়পত্র দেখাতে পারেননি। এখানকার ৩ ও ৪ নম্বর বুথে ২ ঘণ্টায় ৪৫ শতাংশ ভোট পড়ে। অন্য ১০টি বুথে ভোট পড়ে প্রায় ৪০ শতাংশ। একটি কক্ষে সহকারী প্রিসাইডিং কর্মকর্তার হাতে বেশ কিছু ছেঁড়া ব্যালট দেখা যায়। তাতে ধানের শীষ প্রতীকের অর্ধেক অংশ নেই।
কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা এস এম ইকবাল হোসেন বলেন, কেন্দ্রে ভোটার চার হাজারের বেশি। ভোট বেশি পড়েছে মনে হলেও অস্বাভাবিক কিছু ঘটেনি।