কেন্দ্রের পাশে মিলল নৌকা প্রতীকে সিল দেওয়া ১৭ ব্যালট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরগুনায় একটি ভোটকেন্দ্রের পাশ থেকে গতকাল শনিবার নৌকা প্রতীকে সিল মারা ১৭টি ব্যালট পেপার পাওয়া গেছে। ব্যালটগুলোতে প্রিসাইডিং কর্মকর্তার কোনো সিল ও স্বাক্ষর নেই।
বরগুনা সদর থানার ওসি রিয়াজ হোসেন গতকাল বিকেলে বলেন, ‘খবর পেয়ে আমরা ওই ব্যালটগুলো উদ্ধার করেছি।’
কয়েকজন প্রত্যক্ষদর্শী বলেন, গতকাল বেলা দুইটার দিকে কয়েকজন ব্যক্তি শহরের বরগুনা সরকারি বালিকা বিদ্যালয়ের উত্তর পাশের দেয়ালের কাছে সাতটি ব্যালট পড়ে থাকতে দেখেন। পরে তাঁরা আরও কয়েকটি ব্যালট দেখতে পান। খবর পেয়ে দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট রুবেল মাহমুদ পুলিশ নিয়ে গিয়ে ওই ব্যালটগুলো জব্দ করেন।
এলাকার কয়েকজন বাসিন্দা সূত্রে জানা গেছে, নির্বাচনের দিন শহরের গগন মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট গ্রহণ শুরু হওয়ার ৪৫ মিনিটের মধ্যে আওয়ামী লীগের প্রার্থীর ১৫-২০ জন সমর্থক কেন্দ্রটি দখলে নিয়ে সিল মারতে থাকেন। উপস্থিত কাউন্সিলর প্রার্থীর সমর্থকেরা তাতে বাধা দিলে সংঘর্ষ শুরু হয়। পরে পুলিশ ও বিজিবির সদস্যরা গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। এ সময় ওই কেন্দ্র থেকে সিল ও স্বাক্ষরবিহীন কিছু ব্যালট খোয়া যায়। এরপর শহরের সরকারি বালিকা বিদ্যালয় কেন্দ্রে একইভাবে গোলযোগ শুরু হলে আধা ঘণ্টা ভোট গ্রহণ স্থগিত রাখা হয়।
বরগুনার রিটার্নিং কর্মকর্তা ও অতিরিক্ত জেলা প্রশাসক মো. আবদুল্লাহ বলেন, ‘ওই বালিকা বিদ্যালয়ে কয়েকটি ব্যালট পাওয়া গেছে, যাতে প্রিসাইডিং কর্মকর্তার কোনো সিল ও স্বাক্ষর নেই। কীভাবে এসব ব্যালট ওই স্থানে গেল, তা তদন্ত ছাড়া বলা যাচ্ছে না।’