‘উপজেলা চেয়ারম্যান সাহেদ সরকার কেন্দ্রে এসে বলেন ভোট হবে নৌকার। আপনারা সবাই বের হয়ে যান। প্রিসাইডিং অফিসারও বলেন আপনারা আসছেন, ঠিক আছে তবে সব ভোট হবে নৌকায়। এরপর চলে আসছি।’
কথাগুলো বলছিলেন পূর্ব ধানুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বিএনপিপন্থী ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের এক সদস্য প্রার্থীর নির্বাচনী এজেন্ট শরিফ হোসেন। তাঁকে সকাল নয়টায় কেন্দ্র থেকে বের করে দেওয়া হয়। কিন্তু ওই কেন্দ্রে গিয়ে কোনো অনিয়মের কথা শোনা যায়নি প্রিসাইডিং কর্মকর্তাদের কাছ থেকে। জানতে চাইলে উপজেলা চেয়ারম্যান সাহেদ সরকার বলেন, ‘এ ধরনের অভিযোগ সত্য নয়। আমি কাউকে বাধা দিইনি। কারও কাছে এ ধরনের ছবিও নাই।’
১৫টি কেন্দ্র ঘুরে দেখা গেছে, কেন্দ্রের মধ্যে কোনো বিশৃঙ্খলা হয়নি। তবে কেন্দ্রের মূল ফটকে দাঁড়িয়ে থাকা লোকজন বলেছেন ভোট সুষ্ঠু হচ্ছে। তবে এর চেয়ে আরেকটু দূরে দাঁড়িয়ে থাকা লোকজন বলেছেন ভোটকেন্দ্র দখল হয়ে গেছে। সকাল সাড়ে আটটায় গুপ্টি ইউপির মানুরী প্রাথমিক বিদ্যালয়ে দীর্ঘ লাইন ধরে সবাইকে ভোট দিতে দেখা গেছে। এখানে সবাইকে উৎসবমুখর পরিবেশে ভোট দিতে দেখা গেছে। একই ইউপির ঘনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়েও ছিল উৎসবমুখর পরিবেশ। পশ্চিম গুপ্টি ইউপির খাজুরিয়া কেন্দ্রের একটু দূরে আলী আক্কাস নামের এক ব্যক্তি অভিযোগ করেন বিএনপির কোনো লোককে ঢুকতে দেওয়া হচ্ছে না। তবে কেন্দ্রে গিয়ে কোনো অভিযোগের সত্যতা মেলেনি। সেখানে সদস্য প্রার্থীদের মধ্যে সংঘর্ষ হয়েছে বলে জানান স্থানীয় লোকজন।
বেলা ১১টার দিকে বিষরবন্দ প্রাথমিক বিদ্যালয়ে আপেল প্রতীকের মোস্তফা গাজী (বিএনপি-সমর্থিত) এবং ফুটবল প্রতীকের মজিদ পাটোয়ারীর অনুসারীদের মধ্যে সংঘর্ষ হয়। এ সময় কিছুক্ষণ ওই কেন্দ্রে ভোট গ্রহণ বন্ধ থাকে। পাইকপাড়া দক্ষিণ ইউপির ৯ নম্বর ওয়ার্ডের সদস্য প্রার্থী নূরের রহমান ও তাঁর অনুসারীদের বের করে দেওয়া হয়। পরে রাস্তায় তিনি এই প্রতিবেদকের গাড়ি আটকে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেন। তিনি বলেন, ‘আমাকে বের করে দেওয়া হয়নি, আমাকে ওই এলাকায় গেলে মেরে ফেলারও হুমকি দিয়েছে আওয়ামী লীগের পুলাপানেরা।’
রূপসা উত্তর ইউপির আহমাদিয়া উচ্চবিদ্যালয় কেন্দ্রে ঢোকার আগেই কেন্দ্রটি দখল হয়ে গেছে বলে স্থানীয় লোকজন অভিযোগ করেন। তবে কেন্দ্রের মুখে দাঁড়িয়ে থাকা আওয়ামী লীগের প্রার্থীরা এই প্রতিবেদককে বলেন নির্বাচন সুষ্ঠু হচ্ছে। তবে কেন্দ্রের মধ্যে কোনো ভোটার দেখা যায়নি। একই ইউপির ঘোড়াসালা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভোটকেন্দ্রে ভোটারদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। তবে কেন্দ্রের কিছু দূরে দাঁড়িয়ে থাকা স্থানীয় লোকজন বলেন, কেন্দ্রে সবাই নৌকার। ধানের শীষের কাউকে আসতে দেওয়া হয়নি।
জানতে চাইলে ফরিদগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক সাংসদ হারুনুর রশিদ প্রথম আলোকে বলেন, ‘এ রকম জীবনে দেখিনি। কিছু কিছু কেন্দ্রে আগের রাতেই ভোট দেওয়া হয়েছে। সুষ্ঠু ভোট হলে নৌকার একজনও জিতবে না।’