কেপটাউনে গলা কেটে বাংলাদেশিকে হত্যা
দক্ষিণ আফ্রিকার কেপটাউনে এক বাংলাদেশি তরুণকে গলা কেটে হত্যা করা হয়েছে। নিজ দোকানের এক কর্মচারী তাঁকে হত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। গত শুক্রবার ভোরে দক্ষিণ আফ্রিকার কেপটাউন শহরে এ ঘটনা ঘটে।
ওই তরুণের নাম মো. ওয়াসিম (২১)। তিনি নবীনগর উপজেলার বীরগাঁও ইউনিয়নের আমতলী গ্রামের পূর্বপাড়ার সাহেব বাড়ির খায়েশ মিয়ার ছেলে।
নিহত ওয়াসিমের পারিবারিক সূত্রে জানা গেছে, চলতি বছরের ৭ জানুয়ারি ওয়াসিম ১১ লাখ টাকা ব্যয় করে দক্ষিণ আফ্রিকায় যান। ওয়াসিম তাঁর বড় ভাই মো. জসিমের সঙ্গে দক্ষিণ আফ্রিকার কেপটাউন শহরে থাকতেন। কেপটাউন শহরে জসিম ও ওয়াসিম মিলে একটি দোকান খোলেন। তাঁরা দুই ভাই মিলে ওই দোকান চালাতেন।
ওয়াসিমের বাবা খায়েশ মিয়া জানান, বৃহস্পতিবার রাতে জসিম তাঁর দক্ষিণ আফ্রিকা প্রবাসী ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার সুলতানপুর ইউনিয়নের বন্ধু নাসরুল মিয়ার বাসায় দাওয়াত খেতে যান। অজ্ঞাতনামা এক কর্মচারী সঙ্গে রাতে দোকানে ওয়াসিম একা ছিলেন। ওই কর্মচারী ওয়াসিমকে নেশাজাতীয় খাবার খাইয়ে অজ্ঞান করার পর গলা কেটে হত্যা করে। পরে ওই কর্মচারী দোকানে থাকা নগদ অর্থ ও গুরুত্বপূর্ণ জিনিসপত্র লুট করে পালিয়ে যায়। যাওয়ার সময় তিনি দোকানে তালা লাগিয়ে যান। রাত আনুমানিক চারটার দিকে নাসরুল নিজের গাড়ি দিয়ে জসিমকে তাঁর দোকানের কাছাকাছি পৌঁছে দেন। রাতে অনেক ডাকাডাকির পরও ওয়াসিম দোকান না খুললে জসিম তাঁর বন্ধু নাসরুলকে ফোন করেন। পরে তাঁরা দোকানের তালা ভেঙে ভেতরে ঢুকে ওয়াসিমের রক্তাক্ত লাশ মেঝেতে পড়ে থাকতে দেখেন।
ওয়াসিমের চাচাতো ভাই জহির রায়হান বলেন, শুক্রবার ভোর ছয়টার দিকে নাসরুল ফোন করে ওয়াসিমের বাবাকে মৃত্যুর বিষয়টি জানান । নবীনগর থানার ওসি রূপক কুমার সাহা বলেন, সরকারিভাবে এমন কোনো মৃত্যুর সংবাদ রাত আটটা পর্যন্ত পুলিশ পায়নি। তবে গণমাধ্যম সূত্রে তিনি ওয়াসিমের মৃত্যুর বিষয়টি শুনেছেন।