কেপিএমের দূষণে প্রাণ যায় কর্ণফুলীর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কর্ণফুলী পেপার মিলস লিমিটেড (কেপিএম) দিনে ছয় ঘণ্টা চালু থাকলে ৭ হাজার ৬০০ ঘনমিটার তরল বর্জ্য সৃষ্টি করে। অপরিশোধিত এই বর্জ্য সরাসরি কর্ণফুলী নদীতে গিয়ে মেশে। ১৯৯৭ সালের জানুয়ারি থেকে ২০১৫ সালের অক্টোবর মাস পর্যন্ত কারখানাটি চালু ছিল ৮৯১ দিন। এই সময়ের মধ্যে মোট ৬৭ লাখ ৭১ হাজার ৬০০ ঘনমিটার দূষিত তরল বর্জ্য নির্গমন করে পরিবেশ দূষণ করেছে কারখানাটি। এই তথ্য পরিবেশ অধিদপ্তরের।
প্রতি ঘনমিটার অপরিশোধিত তরল বর্জ্যের জন্য পরিবেশের সর্বনিম্ন আর্থিক ক্ষতি ধরা হয়েছে ১৬ টাকা। তরল বর্জ্য নির্গমনের মাধ্যমে ৮৯১ দিনে কারখানাটি মোট ১০ কোটি ৮৩ লাখ ৪৫ হাজার ৬০০ টাকার সমপরিমাণ পরিবেশগত ক্ষতি করেছে। আর্থিক ক্ষতির এই হিসাবও পরিবেশ অধিদপ্তরই ঠিক করেছে।
কর্ণফুলী পেপার মিল উৎপাদনে যায় ১৯৫৩ সাল থেকে। এটি বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশনের (বিসিআইসি) একটি প্রতিষ্ঠান। কারখানাটিতে এখনো তরল বর্জ্য শোধনাগার বা ইটিপি (এফ্লুয়েন্ট ট্রিটমেন্ট প্ল্যান্ট) স্থাপন করা হয়নি।
কর্ণফুলী নদীর উজানে রাঙামাটির চন্দ্রঘোনা এলাকায় কর্ণফুলী পেপার মিলস লিমিটেডের অবস্থান। মিল থেকে তিনটি পথে দূষিত তরল বর্জ্য নদীতে এসে মেশে। ঝাঁজালো গন্ধযুক্ত এসব বর্জ্য সাদা ফেনা আকারে নদীর প্রায় এক কিলোমিটার এলাকায় ছড়িয়ে পড়ে। গতকাল শুক্রবার দুপুরে সরেজমিনে কারখানার পাশে নৌকায় করে নদীতে ঘুরে এই চিত্র দেখা যায়। নদীর পানি থেকে বিদঘুটে গন্ধ পাওয়া যায়। পানির রংও কালচে দেখা যায়।
নদীর মাঝি হাসমত আলী বলেন, এই পানিতে বাধ্য হয়ে লোকজন গোসল ও ধোয়ামোছার কাজও করে। মাছ পাওয়া গেলেও তাতে একধরনের গন্ধ থাকে।
গত বছরের অক্টোবর মাসে পরিবেশ অধিদপ্তর নদীদূষণের জন্য কেপিএমকে ১ কোটি ৮৩ লাখ ৪৫ হাজার টাকা জরিমানা করে। পরে রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান বিধায় মন্ত্রণালয় থেকে তা ক্ষমা করে দেওয়া হয়।
জরিমানা করার আগে পরিবেশ অধিদপ্তরের চট্টগ্রাম অঞ্চলের পরিদর্শক হারুন অর রশিদ পাঠান কারখানাটি পরিদর্শন করেন। এরপর এ-সংক্রান্ত একটি প্রতিবেদন পরিবেশ অধিদপ্তরের চট্টগ্রাম অঞ্চলের পরিচালকের কাছে জমা দেন। প্রতিবেদনটিতে কারখানাটি পরিবেশের যে আর্থিক ক্ষতি করেছে, তার হিসাব তুলে ধরেন তিনি।
পরিদর্শক হারুন অর রশিদ পাঠান গতকাল মুঠোফোনে প্রথম আলোকে বলেন, তারা (কেপিএম) ভয়াবহভাবে নদী দূষণ করছে। দূষণের কারণে ওই এলাকার জীববৈচিত্র্য হুমকির মুখে রয়েছে।
সরকারি-বেসরকারি বিভিন্ন সংস্থার পরীক্ষাতেও কেপিএম-সংলগ্ন কর্ণফুলী নদীর পানি দূষণের প্রমাণ মিলেছে। সম্প্রতি কেপিএম এলাকায় নদীর পানি পরীক্ষা করেন চট্টগ্রামের হাজী মুহাম্মদ মহসিন কলেজের রসায়ন বিভাগের অধ্যাপক ইদ্রিস আলী। পরীক্ষায় পানির পিএইচের (পানির গুণাগুণ) পরিমাণ ৪ দশমিক ৫ পাওয়া যায়। আদর্শ অবস্থায় পিএইচ থাকার কথা ৭ দশমিক ৫। তিনি বলেন, কেপিএম-সংলগ্ন নদীর প্রায় ১০ কিলোমিটার এলাকা জীববৈচিত্র্যের জন্য হুমকি হয়ে উঠেছে।
দূষণ কমাতে শিগগিরই ইটিপি স্থাপনের কাজ শুরু করা হবে বলে জানান কেপিএমের মহাব্যবস্থাপক (পরিচালন) বিদ্যুৎ কুমার বিশ্বাস। গতকাল মুঠোফোনে তিনি প্রথম আলোকে বলেন, ‘এখনো আমরা পরিশোধন করি। তবে তা অতটা উন্নত মানের নয়। সে জন্য অধিদপ্তর থেকে আমাদের জরিমানাও করা হয়েছিল। পরে তা মন্ত্রণালয় থেকে ক্ষমা করে দেওয়া হয়।’ তিনি বলেন, ইটিপির জন্য টাকা বরাদ্দ হয়ে গেছে। কাজ শুরু হবে শিগগির। তখন আর দূষণ থাকবে না।
পরিবেশ অধিদপ্তর ২০১৪ সালে এক সমীক্ষায় উল্লেখ করেছে, কর্ণফুলী দূষণের সবচেয়ে বড় দায় এই পেপার মিলের। দূষণের কারণে নদীর ৩৫ প্রজাতির মাছ বিলুপ্ত হয়ে গেছে বলে ওই সমীক্ষায় বলা হয়েছে। এতে উল্লেখ করা হয়, কর্ণফুলী নদীতে ৬৬ প্রজাতির মিঠা পানির মাছ, ৫৯ প্রজাতির মিশ্র পানির এবং ১৫ প্রজাতির সামুদ্রিক পরিযায়ী মাছ পাওয়া যেত। এখন মিঠা পানির ২০ থেকে ২৫ প্রজাতির এবং মিশ্র পানির ১০ প্রজাতির মাছ বিলুপ্ত প্রায়। এ ছাড়া আরও ২০ প্রজাতির মাছ হুমকিতে রয়েছে।
কর্ণফুলী নদী থেকে বিলুপ্ত হয়ে যাওয়া মাছের মধ্যে রয়েছে ফাইস্যা, কাঁচকি, রুপচাঁদা, কালিচাঁদা, পাঙাশ, বাচা, ভেটকি, পাশা, লইট্টা, রিকশা, মধু, পাবদা, পোয়া, মহাশোল ইত্যাদি। এ ছাড়া কাতলা, রুই, মৃগেল মাছও কমতে শুরু করেছে।