নীলফামারীর সৈয়দপুর শহরে রেলস্টেশনের সিগন্যাল কেবিন ঘরসংলগ্ন জায়গা দখল করে উপজেলা জাতীয় পার্টির কার্যালয় নির্মাণ করা হচ্ছে। সেখানে জাতীয় পার্টির অস্থায়ী কার্যালয় লেখা একটি সাইনবোর্ডও ঝুলিয়ে দেওয়া হয়েছে।
৩ ডিসেম্বর সরেজমিনে দেখা যায়, সিগন্যাল কেবিনঘরের উত্তর পাশের জায়গায় টিন ও বাঁশ দিয়ে তৈরি ৩০ ফুট দীর্ঘ ও ২০ ফুট চওড়া একটি নতুন ঘর। ঘরের দরজার ওপরে লাগানো একটি সাইনবোর্ড। ওই সাইনবোর্ডে লেখা রয়েছে ‘উপজেলা জাতীয় পার্টির অস্থায়ী কার্যালয়’।
এ ব্যাপারে সৈয়দপুর উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক ফিরোজ আহমেদ বলেন, ‘জায়গাটি আমরা অস্থায়ীভাবে ব্যবহার করতে চাই। সেখানে স্থায়ী কার্যালয় পরিচালনার কোনো উদ্দেশ্য আমাদের নেই। সম্প্রতি শহরের শের-ই-বাংলা সড়কের বিজলী ভবনে অবস্থিত আমাদের কার্যালয়টি ভেঙে ফেলা হয়েছে। ওই স্থানে চৌধুরী টাওয়ার নামে একটি বহুতল ভবন নির্মাণ করা হচ্ছে। পার্টির কেন্দ্রীয় নেতা ও বর্তমান সংসদের বিরোধীদলীয় হুইপ শওকত চৌধুরীর মালিকানাধীন ওই ভবনটির নির্মাণ সম্পন্ন হলে আবার আমরা দলীয় কার্যালয় ওই ভবনে স্থানান্তর করব।’
সৈয়দপুর রেলওয়ে স্টেশনমাস্টার আবদুল কাসেম জানান, স্টেশনের সিগন্যাল কেবিনের পাশে জায়গা দখলের ঘটনা নজিরবিহীন। ওই এলাকাটি অত্যন্ত স্পর্শকাতর। কেননা, ট্রেন চলাচল পরিচালনার ক্ষেত্রে কেবিনঘর অনেক গুরুত্বপূর্ণ। এর পাশে কোনো স্থাপনা হলে ট্রেন চলাচলে বিঘ্ন সৃষ্টি হতে পারে। কাজেই স্থাপনাটি উচ্ছেদের জন্য ওপরে লেখা হবে।
এ ব্যাপারে রেলওয়ের সৈয়দপুর পূর্ত বিভাগের জ্যেষ্ঠ উপসহকারী প্রকৌশলী তহিদুর রহমান বলেন, ‘জাতীয় পার্টির স্থানীয় নেতারা তিন মাসের জন্য ওই ফাঁকা জায়গায় একটি অস্থায়ী কার্যালয় করবে বলে আমার কাছে অনুমতি চান। আমি বলেছি, এমন অনুমতি দেওয়ার এখতিয়ার আমার নেই।’
এদিকে সড়কের পাশে রেলের জমিতে ওই স্থাপনা নির্মাণ করায় ব্যাটারিচালিত অটোরিকশাচালকদের গাড়ি চালাতে বেশ অসুবিধা হচ্ছে। তাই এর প্রতিবাদে সৈয়দপুর ব্যাটারিচালিত অটোরিকশা শ্রমিক কল্যাণ সোসাইটি বিক্ষোভ মিছিল করেছে। ২ ডিসেম্বর সংগঠনের নেতা-কর্মীরা সৈয়দপুর পৌরসভার মেয়র আমজাদ হোসেন সরকারের সঙ্গে সাক্ষাৎ করেন। তাঁরা অবৈধ স্থাপনাটি উচ্ছেদের দাবি জানিয়েছেন।
মেয়র আমজাদ হোসেন সরকার জানান, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।