কেব্ল নেটওয়ার্কে প্রচারিত হচ্ছে সাম্প্রদায়িক বক্তব্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জে শিক্ষক লাঞ্ছনার ঘটনায় সাংসদ সেলিম ওসমানের সমর্থনে নগরীতে অনুষ্ঠিত হেফাজত ও অন্যান্য ধর্মভিত্তিক সংগঠনের সমাবেশে নেতাদের দেওয়া বক্তব্য অনবরত সম্প্রচার করা হচ্ছে স্থানীয় টেলিভিশন কেব্‌ল নেটওয়ার্কে। ‘সর্বস্তরের মুসলিম জনতা’র ব্যানারে অনুষ্ঠিত গত শুক্রবারের ওই সমাবেশটি প্রথমে সরাসরি সম্প্রচার করা হয়। এরপর থেকেই এ সমাবেশের রেকর্ডকৃত ভিডিও বারবার প্রচার করা হচ্ছে।
সমাবেশে ‘ধর্ম অবমাননার অভিযোগে’ লাঞ্ছনার শিকার নারায়ণগঞ্জের পিয়ার সাত্তার লতিফ উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্যামল কান্তি ভক্তকে ৭২ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার এবং শিক্ষামন্ত্রী ও আইনমন্ত্রীকে মন্ত্রিসভা থেকে বরখাস্ত করার দাবি জানান বক্তারা। জেলা হেফাজতের আমির মাওলানা আবদুল আউয়াল বলেন, ‘সরকার হিন্দু বাবুদের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে বসিয়েছে। এখন তাঁরাই মুসলমানদের বিরুদ্ধে দাঁড়িয়েছেন।’ এ ছাড়া হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ নিষিদ্ধ করতে সরকারের প্রতি আহ্বান জানান কয়েকজন বক্তা।
খোঁজ নিয়ে জানা গেছে, সিটি করপোরেশন ও এর আশপাশের এলাকার কেব্‌ল নেটওয়ার্ক ব্যবসা একটি মাত্র নিয়ন্ত্রণকক্ষ থেকে পরিচালিত হয়। পরিচালনাকারী প্রতিষ্ঠান এসবি স্যাটেলাইটের মালিক আবদুল করিম ওরফে ডিশ বাবু শামীম ওসমান ও সেলিম ওসমানের ঘনিষ্ঠজন হিসেবে পরিচিত। মুঠোফোনে যোগাযোগ করা হলে গতকাল রাতে আবদুল করিম বলেন, কারও নির্দেশে নয়, নিজ উদ্যোগেই তিনি সমাবেশের বক্তব্য প্রচার করছেন।
নারায়ণগঞ্জ নাগরিক কমিটির সাধারণ সম্পাদক আবদুর রহমান বলেন, কেব্‌ল নেটওয়ার্কে যেসব বক্তব্য প্রচার করা হচ্ছে, তা সাম্প্রদায়িক। এ ধরনের বক্তব্য সমাজে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করে।
চাষাঢ়ায় সমাবেশ: গতকাল শনিবার বিকেলে নারায়ণগঞ্জের চাষাঢ়ায় কেন্দ্রীয় শহীদ মিনারে ‘সচেতন যুব সমাজের’ ব্যানারে শিক্ষক শ্যামল কান্তি ভক্তের বিচারের দাবিতে সমাবেশ হয়েছে। মহানগর যুবলীগের সভাপতি শাহাদাৎ হোসেন সাজনুর সভাপতিত্বে এই সমাবেশে নগর স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক নাজমুল আলম সজল বলেন, ‘ঢাকা থেকে এসে সেলিম ওসমান সম্পর্কে যা-তা বললে আর ফিরে যেতে দেওয়া হবে না।’