কেরানির বেতনের নামে ঘুষ!
বরগুনায় জাতীয় সঞ্চয় অধিদপ্তরের সহকারী পরিচালকের বিরুদ্ধে গ্রাহকদের কাছ থেকে ঘুষ নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। গ্রাহকদের অভিযোগ, কার্যালয়ের কেরানির (পিয়ন) বেতন দেওয়ার নামে দীর্ঘদিন ধরে ওই কর্মকর্তা টাকা নিচ্ছেন।
জাতীয় সঞ্চয় অধিদপ্তরের বরগুনা কার্যালয়ের কর্মকর্তারা জানান, এ কার্যালয়ের অধীনে জেলায় বিভিন্ন স্কিমে প্রায় ৩০ হাজার বিনিয়োগকারী আছেন। প্রতিদিন ৪০ থেকে ৫০ জন গ্রাহক সঞ্চয়ের মুনাফার অর্থ তোলার জন্য কার্যালয়ে আসেন। এ কার্যালয়ে সহকারী পরিচালক হিসেবে মো. রিয়াজুল ইসলাম দায়িত্ব পালন করছেন।
গত বৃহস্পতিবার জেলা সঞ্চয় কর্মকর্তার কার্যালয়ে গিয়ে দেখা যায়, অনেক গ্রাহকের ভিড়।
কথা বলে জানা যায়, তাঁদের কেউ সঞ্চয়ী হিসাব খুলতে, কেউ মাসিক মুনাফার অর্থ তুলতে এসেছেন। এঁদের অন্তত ৪০ জন অভিযোগ করেন, সঞ্চয় জমা দেওয়ার ফরম, মাসিক মুনাফা ও এককালীন টাকা তুলতে সহকারী পরিচালককে নির্দিষ্ট হারে ঘুষ দিতে হয়। ঘুষের অর্থ দিতে রাজি না হলে গ্রাহকদের নানাভাবে হয়রানি করা হয়।
আরেক গ্রাহক আয়েশা বেগম বলেন, তাঁর স্বামী অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা। পেনশন স্কিমের আওতায় তাঁর স্বামী অবসর ভাতার অর্থ জেলা সঞ্চয় কার্যালয়ে জমা রেখেছেন। এ হিসাব খোলার ফরম নেওয়ার সময় তাঁর কাছ থেকে এক হাজার টাকা ঘুষ নেন জেলা কার্যালয়ের সহকারী পরিচালক। এরপর অর্থ জমা দেওয়ার সময় নেওয়া হয়েছে আরও ৫০০ টাকা। প্রতিবার মুনাফার অর্থ তুলতে তাঁর কাছ থেকে ৫০০ টাকা করে নেওয়া হচ্ছে।
তিনি বলেন, ‘টাকা না দিলে কাগজে স্বাক্ষর করেন না, দিনের পর দিন ঘোরান। তাই ঝামেলা এড়াতে প্রতিবারই ওই অর্থ দিয়েছি আমি।’
গ্রাহকেরা বলেন, সহকারী পরিচালক কেরানিকে বেতন দেওয়ার নাম করে এ টাকা নিয়ে নিজে আত্মসাৎ করেন।
সহকারী পরিচালক মো. রিয়াজুল ইসলাম বলেন, ন্যাশনাল সার্ভিস প্রকল্পের আওতায় জেলা কার্যালয়ে একজন কেরানি কাজ করতেন। ন্যাশনাল সার্ভিসের প্রকল্পের মেয়াদ শেষ হওয়ার পরেও তাঁকে দিয়ে কাজ করানো হচ্ছে। তাঁর খরচ বাবদ গ্রাহকদের কাছ থেকে কিছু টাকা রাখা হয়।
তবে ওই কার্যালয়ের কেরানি নাসির উদ্দীন বলেন, ‘সহকারী পরিচালক সাহেব আমাকে কখনো কোনো টাকাপয়সা দেন না। মূলত আমি এখানে গ্রাহকদের সহায়তা করে থাকি। যে কারণে গ্রাহকেরা খুশি হয়ে আমাকে কিছু টাকাপয়সা দেন। আমার অজুহাতে টাকা নেওয়ার বিষয়টি আমি জানতাম না।’
বরগুনা জেলা প্রশাসক মীর জহুরুল ইসলাম বলেন, একজন সরকারি কর্মকর্তার এ ধরনের অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ লজ্জাজনক। বিষয়টি সংশ্লিষ্ট দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাকে জানানো হবে।