কেরানীগঞ্জ ও নারায়ণগঞ্জে তিনজনের লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিখোঁজ হওয়ার ১৭ দিন পর গত সোমবার দক্ষিণ কেরানীগঞ্জ থানার চুনকুটিয়ার একটি ডোবা থেকে সোহেল মৃধা (২৮) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার কেরানীগঞ্জ উপজেলার জিনজিরা থানারঘাট ও নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থেকে অজ্ঞাতনামা দুই যুবকের লাশ উদ্ধার করা হয়েছে।
কেরানীগঞ্জে নিহত সোহেল মৃধা চুনকুটিয়া কালীবাড়ি এলাকার বাসিন্দা মৃত মালেক মৃধার ছেলে। নিহত সোহেলের পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, গত ১৮ জুলাই রাতে কে বা কারা সোহেলকে ফোন করে ডেকে নিয়ে যায়। এরপর সোহেল আর বাড়ি ফিরে আসেননি। অনেক খোঁজাখুঁজি করেও না পেয়ে তাঁর ছোট ভাই সুরুজ মৃধা পরদিন দক্ষিণ কেরানীগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দেন। গত সোমবার রাত নয়টায় এলাকাবাসীর কাছ থেকে খবর পেয়ে পুলিশ উপজেলার চুনকুটিয়া এলাকার একটি ডোবা থেকে এক ব্যক্তির বস্তাবন্দী লাশ উদ্ধার করে। ঘটনাস্থলে গিয়ে নিহত ব্যক্তির পরিবারের লোকজন তাঁর লাশ শনাক্ত করেন। গত সোমবার রাতেই পুলিশ লাশটি ময়নাতদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালের (মিটফোর্ড হাসপাতাল) মর্গে পাঠিয়েছে। দক্ষিণ কেরানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল উদ্দিন মীরের ভাষ্যমতে, সোহেল মাদক ব্যবসায়ী ছিলেন। তিনি দীর্ঘদিন ধরে চুনকুটিয়া এলাকায় মাদক ব্যবসা করছিলেন। তাঁকে হত্যার ঘটনায় জড়িত সন্দেহে মো. মন্টু নামে এক যুবককে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল বিকেলে কেরানীগঞ্জ উপজেলার জিনজিরা থানারঘাট এলাকার বুড়িগঙ্গা নদীতে অজ্ঞাতনামা (৩০) এক যুবকের লাশ ভাসতে দেখে পুলিশে খবর দেয় এলাকাবাসী। পুলিশ ঘটনাস্থলে এসে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মিটফোর্ড হাসপাতালের মর্গে পাঠায়। লাশের শরীরে আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। তাঁর পরনে একটি নীল রঙের চেক লুঙ্গি ছিল। কেরানীগঞ্জ থানার উপপরিদর্শক এ কে এম সাইদুজ্জামান জানান, পানিতে ডুবে তাঁর মৃত্যু হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
গতকাল দুপুরে নারায়ণগঞ্জ সদর উপজেলার সিদ্ধিরগঞ্জের ধনু হাজী রোড এলাকা থেকে এক অজ্ঞাতনামা যুবকের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ। পুলিশ জানায়, নিহত ব্যক্তির গলায় আঘাতের চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে তাঁকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে।