কেরানীগঞ্জ বিএনপির কার্যালয় ও বাসে আগুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার কেরানীগঞ্জ উপজেলায় বিএনপির কার্যালয় ও দুটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। গতকাল সোমবার গভীর রাতে থানার আগানগর ও কদমতলী এলাকায় পৃথক এ ঘটনা দুটি ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল রাত দেড়টার দিকে থানার আগানগর ইউনিয়ন বিএনপির কার্যালয়ে আগুন দেয় দুর্বৃত্তরা। আগুনে কার্যালয়ের ভেতরের আসবাব পুড়ে গেছে। পেছনের টিনশেড কাপড়ের গুদামে আগুন ছড়িয়ে পড়ে। এতে অন্তত পাঁচ লাখ টাকার জিনসের প্যান্ট পুড়ে গেছে বলে দাবি ব্যবসায়ীদের।

রাত আড়াইটার দিকে কদমতলী গোলচত্বর এলাকায় ঢাকা-মাদারীপুর রুটে চলাচলকারী চন্দ্রা পরিবহনের দুটি গাড়িতে পেট্রল ঢেলে আগুন দেয় দুর্বৃত্তরা। পরে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

চন্দ্রা পরিবহনের ব্যবস্থাপক কার্তিক বাবুর ভাষ্য, আগুনে বাস দুটি পুরোপুরি পুড়ে গেছে। আগুনে বাসের মধ্যে ঘুমিয়ে থাকা বাসের চালকের সহকারী আবুল বাশারের হাত পুড়ে গেছে।

দক্ষিণ কেরানীগঞ্জ থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক আবু সেলিম চৌধুরীর দাবি, বিএনপির নেতা-কর্মীদের হয়রানি করতেই সরকারি লোকজন এসব কাজ করেছে।

কেরানীগঞ্জ উপজেলা চেয়ারম্যান ও কেরানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক শাহিন আহমেদের দাবি, অরাজকতা সৃষ্টি করতে বিএনপির নেতা-কর্মীরাই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটিয়েছেন।

দক্ষিণ কেরানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জামাল উদ্দিন মীর জানান, বিএনপির কার্যালয়ে কারা আগুন দিয়েছে, তা জানা যায়নি। ঘটনার পর এক ব্যক্তিকে আটক করা হয়েছে। তাঁকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।