কেরানীগঞ্জে অপহৃত শিশুকে হত্যা
ঢাকার কেরানীগঞ্জ উপজেলায় গত শনিবার মো. আশিক (৯) নামের তৃতীয় শ্রেণির এক স্কুলছাত্রকে অপহরণের পর ওই দিনই তাকে হত্যা করা হয়। এ ঘটনায় মো. মিলন (২০) নামের এক তরুণকে গত মঙ্গলবার গ্রেপ্তার করে পুলিশ।
মিলন পুলিশের কাছে হত্যার দায় স্বীকার করে জবানবন্দি দিয়েছেন। তিনি শরীয়তপুরের নড়িয়ার মাতবরকান্দী এলাকার ইসমাইল মিয়ার ছেলে।
আশিকের পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলার জিনজিরা নামাবাড়ি এলাকা থেকে গত শনিবার বিকেলে মিলন ফুটবল খেলার কথা বলে আশিককে অপহরণ করে ওই এলাকারই একটি ক্লাবঘরে নিয়ে যান। সেখানে আশিক চিৎকার করলে মিলন তাকে শ্বাসরোধ করে হত্যা করেন। মরদেহ ওই দিন সন্ধ্যায় বস্তায় ভরে বুড়িগঙ্গায় ফেলে দেন মিলন। এদিকে আশিক বাড়িতে ফিরে না আসায় তার বাবা শহিদুল ইসলাম গত রোববার থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন। তবে রোববার বিকেলে শহিদুলের মুঠোফোনে আশিককে ফিরিয়ে দেওয়ার জন্য দুই লাখ টাকা মুক্তিপণ দাবি করে একটি ফোন আসে। পুলিশকে ফোনের বিষয়টি জানান শহিদুল। পরে গত মঙ্গলবার রাতে সেই ফোন নম্বরটি ট্র্যাকিং করে পুলিশ মিলনকে আটক করে।
পুলিশি হেফাজতে মিলন জানান, তিনি আশিককে অপহরণ করে তার বাবার কাছে দুই লাখ টাকা মুক্তিপণ দাবির পরিকল্পনা করেন। সদরঘাটে তিনি দরজিশ্রমিকের কাজ করতেন। তিন মাস ধরে কাজ না থাকায় তিনি বিপদে পড়ে যান। টাকার অভাবে তিনি আশিককে অপহরণ করেন। আশিক চিৎকার চেঁচামেচি করায় তাঁকে মেরে ফেলেন। কেরানীগঞ্জ মডেল থানার এসআই সাইদুজ্জামান জানান, এ ঘটনায় গতকাল শহিদুল হত্যা মামলা করেছেন।