কেরানীগঞ্জে অস্ত্রসহ যুবক আটক
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কেরানীগঞ্জে অস্ত্রসহ জসিম উদ্দিন (৪৫) নামের এক ব্যক্তিকে ঢাকা জেলা দক্ষিণ গোয়েন্দা পুলিশ (ডিবি) আটক করেছে।
গতকাল মঙ্গলবার দুপুর ১২টার দিকে দক্ষিণ কেরানীগঞ্জ থানার আবদুল্লাহপুর কড়েরগাঁও এলাকার একটি ছয়তলা ভবন থেকে তাঁকে আটক করা হয়। ঢাকা জেলা দক্ষিণ ডিবি পুলিশের পরিদর্শক আবুল বাশারের নেতৃত্বে একটি বিশেষ দল অভিযান চালিয়ে জসিম উদ্দিনকে আটক করে।
উপপরিদর্শক রবি চরণ চৌহান বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি আবদুল্লাহপুরের কড়েরগাঁও এলাকায় জসিম নামের এক ব্যক্তি নিজ হেফাজতে রিভলবার রেখে অবৈধ কার্যক্রম পরিচালনা করছে। এমন সংবাদের ভিত্তিতে দুপুরে ওই এলাকায় অভিযান চালিয়ে ছয়তলা ভবনের একটি কক্ষ থেকে তাকে আটক করা হয়। পরে ফাইল কেবিনেটের ড্রয়ার থেকে একটি রিভলবার ও চার রাউন্ড গুলি উদ্ধার করা হয়।’