কেরানীগঞ্জে কোনো বাণিজ্যিক ভবনের ফায়ার লাইসেন্স নেই
ঢাকার কেরানীগঞ্জে কোনো বাণিজ্যিক বহুতল ভবনের ফায়ার লাইসেন্স নেই। উপজেলায় বিপণিবিতানসহ অনেক বহুতল ভবন আছে বলে খোঁজ নিয়ে জানা গেছে। এর মধ্যে একটি বিপণিবিতান ফায়ার লাইসেন্সের জন্য আবেদন করেছে।
গত বৃহস্পতিবার সরেজমিনে খোঁজ নিয়ে জানা গেছে, উপজেলার কদমতলী, আগানগর, পূর্ব আগানগর, চর কালীগঞ্জ, খেজুরবাগ, চুনকুটিয়া, আঁটিবাজার, জিনজিরা, রোহিতপুর, কলাতিয়া, রামেরকান্দা, কোনাখোলা, আবদুল্লাহপুর, রাজেন্দ্রপুরসহ বেশ কয়েকটি এলাকায় সহস্রাধিক বহুতল মার্কেট, বিপণিবিতান ও আবাসিক ভবন আছে। এসব ভবনে অগ্নিনির্বাপণ যন্ত্র নেই। ফায়ার সার্ভিসের সনদও নেই। শুধু কদমতলী গোলচত্বর এলাকার লায়ন গ্রুপের ‘লায়ন শপার্স ওয়ার্ল্ড’ বিপণিবিতান কর্তৃপক্ষ ফায়ার সার্ভিসের সনদের জন্য আবেদন করেছে। এটি অনুমোদনের জন্য প্রক্রিয়াধীন আছে।
পূর্ব আগানগর এলাকার আশা মার্কেটের মালিক এবং কেরানীগঞ্জ গার্মেন্টস ব্যবসায়ী ও দোকান মালিক সমবায় সমিতি লিমিটেডের সাবেক সভাপতি আনোয়ার হোসেন বলেন, ‘আমাদের মার্কেটে অগ্নিনির্বাপণের জন্য গ্যাস সিলিন্ডারসহ প্রয়োজনীয় যন্ত্রপাতি আছে। এ ছাড়া আমাদের সমিতির পক্ষ থেকে গার্মেন্টসপল্লি এলাকায় মার্কেট ও দোকানগুলোতে অগ্নিনির্বাপণের জন্য প্রয়োজনীয় যন্ত্রপাতি রাখার নির্দেশ দেওয়া আছে।’
কালীগঞ্জ বাজার এলাকার মোমিন কমপ্লেক্সের কর্মচারী মো. সোহেল মিয়া বলেন, ‘আমাদের মার্কেটের দোকানগুলোতে অগ্নিনির্বাপণ যন্ত্র রাখতে ফায়ার সার্ভিসের লোকজন এসে বলে গেছেন। বিষয়টি দোকানমালিকদের জানিয়েছি।’
কদমতলী গোলচত্বর এলাকার লায়ন শপার্স ওয়ার্ল্ড বিপণিবিতানের পরিচালক আমিনুল ইসলাম বলেন, ‘জানমালের নিরাপত্তার স্বার্থে আমরা সরকারি নিয়মনীতি মেনে মার্কেট পরিচালনা করছি। ফায়ার সার্ভিসের সনদের জন্য আবেদন করা হয়েছে। ফায়ার সার্ভিসের কর্মকর্তারা মার্কেট পরিদর্শন করে প্রয়োজনীয় কাগজপত্র ও অগ্নিনির্বাপণের যন্ত্র যাচাই-বাছাই করেছেন। আশা করছি, দ্রুত ফায়ার সার্ভিসের সনদ পেয়ে যাব।’
ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের স্টেশন কর্মকর্তা সজীব সরকার বলেন, ‘পূর্ব আগানগর ও চর কালীগঞ্জে গার্মেন্টসে প্রায়ই অগ্নিকাণ্ড ঘটে। অবশ্য কেরানীগঞ্জের বেশির ভাগ ভবন অপরিকল্পিতভাবে গড়ে উঠেছে। রাস্তাঘাটও সরু। ভবনগুলোতে অগ্নিকাণ্ড ঘটলে গাড়ি নিয়ে যেতে সমস্যা হয়। এসব এলাকায় অগ্নিনির্বাপণের কাজ করতে গিয়ে বাধার সম্মুখীন হতে হয়।’ তিনি আরও বলেন, ‘আমি বেশ কয়েকটি এলাকা পরিদর্শন করেছি। মার্কেট, বিপণিবিতান ও বহুতল আবাসিক ভবনগুলোতে অগ্নিনির্বাপণ যন্ত্রপাতি নেই। তা ছাড়া ফায়ার সার্ভিসের সনদের জন্য কেউ আগ্রহী নয়। গত সপ্তাহে রামেরকান্দা এলাকায় জেনারেল হাসপাতালসহ দুটি হাসপাতালে গিয়ে অগ্নিনির্বাপণ যন্ত্র পাইনি।’
নাম প্রকাশে অনিচ্ছুক পপুলার জেনারেল হাসপাতালের এক কর্মচারী বলেন, ‘নিরাপত্তার স্বার্থে আমাদের হাসপাতালের মালিককে ফায়ার সার্ভিসের লোকজন এসে অগ্নিনির্বাপণ যন্ত্র রাখার জন্য তাগিদ দিয়েছেন। এরপর শুধু দুটি গ্যাস সিলিন্ডার কেনা হয়েছে।’
ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের সদর দপ্তরের উপসহকারী পরিচালক আনোয়ার হোসেন প্রথম আলোকে বলেন, সরকারি নীতিমালা ও ফায়ার সার্ভিসের আইন অনুযায়ী প্রতিটি মার্কেট, বিপণিবিতান ও বহুতল আবাসিক ভবনে অগ্নিনির্বাপণ যন্ত্রপাতি রাখা জরুরি। জানমালের নিরাপত্তার স্বার্থে এই আইন সবার মেনে চলা উচিত।