কেরানীগঞ্জে চারজনকে হত্যার ঘটনায় গ্রেপ্তার ৭

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকার কেরানীগঞ্জে দুই শিশুসহ চারজন হত্যার ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে গতকাল বৃহস্পতিবার বিভিন্ন স্থান থেকে সাতজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ছবিটি আজ দুপুরে মহানগর পুলিশের মিডিয়া সেন্টারের সামনে তোলা। ছবি: প্রথম আলো
ঢাকার কেরানীগঞ্জে দুই শিশুসহ চারজন হত্যার ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে গতকাল বৃহস্পতিবার বিভিন্ন স্থান থেকে সাতজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ছবিটি আজ দুপুরে মহানগর পুলিশের মিডিয়া সেন্টারের সামনে তোলা। ছবি: প্রথম আলো

ঢাকার কেরানীগঞ্জে দুই শিশুসহ চারজন হত্যার ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে সাতজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার বিভিন্ন স্থান থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
আজ শুক্রবার দুপুরে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে ঢাকা জেলা পুলিশ সুপার হাবিবুর রহমান এ তথ্য জানান।
চারজনকে হত্যার ঘটনায় জড়িত সন্দেহে আটক ৬

গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন জনি, সুমন ওরফে সিএনজি সুমন, মো. মজিদ, মো. রফিক (৩৮), শাহিদা বেগম (৩৬), মুক্তা বেগম (৩০) ও রানী বেগম (১৮)। এঁদের মধ্যে জনিকে গতকাল দিবাগত রাত তিনটার দিকে মুন্সিগঞ্জের শ্রীনগর, সুমনকে গাজীপুরের জয়দেবপুর এলাকার ভাওয়াল থেকে এবং মজিদকে কেরানীগঞ্জের আবদুল্লাহপুর থেকে গ্রেপ্তার করা হয়।

সংবাদ সম্মেলনে দেওয়া পুলিশ সুপার হাবিবুর রহমানের ভাষ্য, গ্রেপ্তার হওয়া জনি ও সুমন ওই হত্যাকাণ্ডের সঙ্গে সরাসরি জড়িত। তিনি বলেন, তিনটি কারণে এই হত্যার ঘটনা ঘটেছে। হত্যাকাণ্ডের ঘটনায় নিহত সাজু আহমেদ এবং গ্রেপ্তার হওয়া জনি ও সুমন ডাকাত দলের সদস্য। নবাবগঞ্জ এলাকায় সোনার দোকানের ডাকাতির মালামাল ভাগ-বাঁটোয়ারা, গ্রেপ্তার হওয়া সুমনের মোটরসাইকেল চুরি নিয়ে দ্বন্দ্ব এবং ডাকাত দলের আরেক সদস্য সুমনের প্রথম স্ত্রী লাকি ও জনির স্ত্রীর সঙ্গে সাজুর অবৈধ সম্পর্কের কারণে তাঁদের মধ্যে শত্রুতা সৃষ্টি হয়। এর জের ধরে এ হত্যাকাণ্ড ঘটেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। অন্য কারণ আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।
বাসার ভেতরে দুই শিশুসহ ৪ জন খুন

হাবিবুর রহমান বলেন, গ্রেপ্তার হওয়া সাতজনকে আজ আদালতে পাঠিয়ে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডের আবেদন জানানো হবে।

গত বুধবার কেরানীগঞ্জের কদমপুরের একটি বাড়ি থেকে একই পরিবারের চারটি লাশ উদ্ধার করে পুলিশ। তাঁরা হলেন সাজু আহমেদ (৩৫), তাঁর স্ত্রী রনজি বেগম (২৭), ছেলে ইমরান আহমেদ (৭) ও মেয়ে সানজিদা মনি (৫)। লাশগুলোতে পচন ধরেছিল। ময়নাতদন্তকারী সূত্র জানায়, দু-তিন দিন আগে তাঁদের শ্বাসরোধে হত্যা করা হয়েছে।