কেরানীগঞ্জে ছুরিকাঘাতে কিশোর নিহত
কেরানীগঞ্জে ক্রিকেট খেলাকে কেন্দ্র করে প্রতিপক্ষের ছুরিকাঘাতে মাসুদ রানা (১৭) নামের এক কিশোর নিহত হয়েছে। আহত হয়েছেন মো. মাহবুব (২০) নামের আরেক যুবক। আজ শনিবার সকালে কেরানীগঞ্জ থানার হাসনাবাদ বালুর মাঠে এ ঘটনা ঘটে।
আহত মাহবুবকে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। মাসুদ রানার লাশ ময়নাতদন্তের জন্য একই হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
গত বৃহস্পতিবার রাজধানীর মিরপুরের রূপনগর থানার আরিফাবাদ এলাকায় ব্যাডমিন্টন খেলা নিয়ে জ্যেষ্ঠ-কনিষ্ঠদের মধ্যে বাগবিতণ্ডার জের ধরে ছুরিকাঘাতে মো. রিয়ান (১৪) নামের এক কিশোর নিহত হয়।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বেলা ১১টার দিকে মাহবুব ও তাঁর কয়েকজন বন্ধু হাসনাবাদ বালুর মাঠে ক্রিকেট খেলতে যান। তখন জনি নামের এক কিশোর তাদের বাধা দেয়। এ নিয়ে জনির সঙ্গে তাঁদের কথা–কাটাকাটি হয়। একপর্যায়ে জনি ক্ষিপ্ত হয়ে মাহবুবকে থাপ্পড় দেয়।
এ ঘটনার পর মাহবুব ওই এলাকা থেকে চলে যান। পরে কয়েকজন সঙ্গী নিয়ে আবারও সেখানে যান। তখন জনি তার কয়েকজন সহযোগী নিয়ে তাঁদের ধাওয়া করে। এ সময় সবাই পালানোর চেষ্টা করলে মাহবুব মাটিতে পড়ে যায়। জনি ও তার সহযোগীরা মাহবুবকে মারধর করে। পরে তিনি পালিয়ে যান।
এ দিকে ঘটনাস্থলের পাশে মাসুদকে দেখতে পেয়ে জনি ও তার সহযোগীরা তাকেও মারধর শুরু করে। একপর্যায়ে জনি ছুরি দিয়ে মাসুদের পেটে কয়েকটি আঘাত করে সেখান থেকে পালিয়ে যায়। পরে এলাকাবাসী মাসুদকে উদ্ধার করে মিটফোর্ড হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুর ১২টার দিকে মাসুদের মৃত্যু হয়।
মাসুদের ভাই মাসুম বলেন, ‘কেউ আমার ভাইকে পরিকল্পিতভাবে হত্যা করেছে। আমি এর বিচার চাই।’
মাসুদের নানি কলেমন বিবি বলেন, ‘মাসুদ সকালে ঘুম থেকে উঠে খেয়ে ঘর থেকে বের হয়েছে। পরে দুটি ছেলে এসে বলছে মাসুদকে কারা যেন ছুরি মেরেছে। পরে হাসপাতালে এসে দেখি আমার নাতি আর নাই।’
মাসুদ দক্ষিণ কেরানীগঞ্জের হাসনাবাদ মোকামপাড়া এলাকায় নানির সঙ্গে থাকত। সে কুমিল্লা জেলার চান্দিনা থানার সব্দরপুর গ্রামের মৃত ইউসুফ আলীর ছেলে।
দক্ষিণ কেরানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জামাল উদ্দিন মীর জানান, ময়নাতদন্তের জন্য মাসুদের মরদেহ মর্গে পাঠানো হয়েছে।