ঢাকার কেরানীগঞ্জে মো. সোহেল (৩৫) নামের এক যুবককে ছুরিকাঘাত করে হত্যা করা হয়েছে। দক্ষিণ কেরানীগঞ্জের চুনকুটিয়া মাঠ এলাকায় গত শনিবার রাতে এ ঘটনা ঘটে। হত্যাকাণ্ডে জড়িত অভিযোগে সোহেলের বন্ধু মো. রবিনকে (২৬) আটক করেছে পুলিশ।
পেশায় দরজি সোহেল বরিশালের মুলাদি থানার পশ্চিম রতুরপুর গ্রামের নুর ইসলামের ছেলে। দক্ষিণ কেরানীগঞ্জের চুনকুটিয়া চৌধুরীপাড়ায় ভাড়া থাকতেন তিনি। আটক রবিনও একই এলাকার বাসিন্দা।
সোহেলের আরেক বন্ধু শহিদুল ইসলাম বলেন, চুনকুটিয়া মাঠ এলাকায় শনিবার রাত সাড়ে ১১টার দিকে চার-পাঁচ বন্ধু মিলে গাঁজা সেবন করছিলেন। এ সময় বন্ধুদের সঙ্গে কথা-কাটাকাটি হলে তাঁরা সোহেলকে ছুরি মেরে পালিয়ে যান। গুরুতর আহত অবস্থায় সোহেলকে উদ্ধার করে মিটফোর্ড হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
দক্ষিণ কেরানীগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) মনিরুজ্জামান খান বলেন, সোহেল মাদকসেবী ছিলেন বলে প্রাথমিক তদন্তে জানা গেছে।