কেরানীগঞ্জে ছুরিকাঘাতে স্কুলছাত্রকে হত্যা
কেরানীগঞ্জে গতকাল রোববার রাতে মো. রায়হান (১৬) নামে এক স্কুলছাত্রকে ছুরিকাঘাত করে হত্যা করা হয়েছে। দুর্বৃত্তদের ছুরিকাঘাতে রায়হানের ফুফাতো ভাই আনোয়ার হোসেনও (১৮) আহত হয়েছেন। তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল সূত্র জানায়, রায়হান এবার জিঞ্জিরা পাইলট স্কুল থেকে এসএসসি পরীক্ষা দিয়েছে। পরিবারের সঙ্গেই সে কেরানীগঞ্জের বরিশুরে থাকত। গতকাল রাত ১০টার দিকে কে বা কারা তাকে ডেকে বাসা থেকে বের করে হরিপুর বাজারে নিয়ে যায়। সেখানে কয়েকজন যুবক তাকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে। একই সঙ্গে ছুরিকাঘাত করা হয় বাজারে থাকা রায়হানের বন্ধু আনোয়ারকেও। গুরুতর আহত অবস্থায় তাঁদের ঢাকা মেডিকেলে নেওয়া হয়। সেখানে রাত ১১টার দিকে রায়হানকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক।
রায়হানের বাবা কসমেটিক ব্যবসায়ী নূরুদ্দিন সাংবাদিকদের বলেন, কিছুদিন আগে তাঁর এক আত্মীয়র সঙ্গে রায়হানের ঝগড়া হয়েছিল। এ নিয়ে তাঁদের মধ্যে মীমাংসাও হয়। কিন্তু ওই ঘটনার জেরে ওই যুবকেরাই রায়হানকে ছুরিকাঘাত করে।
কেরানীগঞ্জ মডেল থানার ওসি মজিবুর রহমান বলেন, প্রেমঘটিত বিষয় নিয়ে মামাতো ভাইয়ের সঙ্গে রায়হানের ঝগড়া হয়েছিল। এরই জের ধরে ওই মামাতো ভাইসহ কয়েকজন তাকে হত্যা করেছে বলে জানা গেছে।