কেরানীগঞ্জে ডাকাত সন্দেহে গণপিটুনি, দুজন নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার কেরানীগঞ্জে ডাকাত সন্দেহে এলাকাবাসীর গণপিটুনিতে দুই ব্যক্তি নিহত ও দুজন আহত হয়েছেন। এলাকাবাসী ও পুলিশ আরও পাঁচজনকে আটক করেছে। নিহত ব্যক্তিরা হলেন সোহাগ ইসলাম ওরফে রেজাউল ইসলাম রেজু (৩০) ও আমিনুল ইসলাম ওরফে আমিনুল খাঁ (৩৫)।
গত সোমবার দিবাগত রাতে মানিকগঞ্জের সিঙ্গাইর সীমান্তবর্তী কেরানীগঞ্জের হযরতপুর ইউনিয়নের রসুলপুর গ্রামে এ ঘটনা ঘটে। পুলিশ নিহত ওই দুই ব্যক্তির লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে এবং আহত দুজন মো. মাসুদ (২০) ও মো. হাবুকে (২২) ওই হাসপাতালে ভর্তি করেছে।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, সোমবার গভীর রাতে রসুলপুর গ্রামে ১০-১২ জনের একটি ডাকাত দল ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। এ সময় এলাকাবাসী টের পেয়ে তাদের ধাওয়া করেন। এলাকাবাসী দলটির চারজনকে ধরে ফেলে গণপিটুনি দেন। ঘটনাস্থলেই রেজু ও আমিনুল মারা যান। আহত হন মাসুদ ও হাবু।
এদিকে ডাকাত দলের অন্য সদস্যরা পালানোর সময় এলাকাবাসীর আরেকটি দল ও সিঙ্গাইর থানার পুলিশ আরও পাঁচজনকে আটক করে। আটক ব্যক্তিরা হলেন লিটন মিয়া, জুলহাস, মঞ্জু, সুরুজ্জামান ও আরিফ। পুলিশের হেফাজতে চিকিৎসাধীন মাসুদ ও হাবু নিহত দুই ডাকাতের পরিচয় শনাক্ত করেন।
কেরানীগঞ্জ মডেল থানার উপপরিদর্শক (এসআই) মনোয়ার হোসেন জানান, নিহত সোহাগ মাদারীপুরের শিবচর উপজেলার চরকান্দা কাঁঠালবাড়ী গ্রামের করিম ব্যাপারীর ছেলে এবং আমিনুল একই উপজেলার ৮ নম্বর চরের বাসিন্দা মান্নান খানের ছেলে। এসআই মনোয়ার আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ওই দুই ব্যক্তি ডাকাতির প্রস্তুতি নেওয়ার কথা স্বীকার করেছেন। ওই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মজিবুর রহমান জানান, নিহত ও আটক ব্যক্তিদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। এ ঘটনায় গতকাল আরেকটি মামলা হয়েছে।