কেরানীগঞ্জে ডাকাতি
কেরানীগঞ্জে বোমা ফাটিয়ে একটি জুয়েলারি থেকে ৮০ ভরি স্বর্ণালংকার ও এক লাখ টাকা লুট করে নিয়ে গেছে ডাকাত দল। এ সময় ডাকাতদের হাতে দুজন আহত হন। গত সোমবার রাত সাড়ে আটটার দিকে জিনজিরা বাজারের কালাচাঁন প্লাজা মার্কেটের গোবিন্দ জুয়েলার্সে এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, ডাকাতির ঘটনায় দোকানের মালিক গোবিন্দ চন্দ্র বর্মণ মামলা করেছেন। তবে পুলিশ এখনো কাউকে গ্রেপ্তার করতে পারেনি।
জুয়েলার্সের কর্মচারী নারায়ণ চন্দ্র সাহা বলেন, রাত সাড়ে আটটার দিকে ১৪-১৫ জন যুবক বেশ কয়েকটি ককটেলের বিস্ফোরণ ঘটিয়ে দোকানের সামনে অবস্থান নেয়। এরপর আট-নয়জন ডাকাত দোকানের ভেতরে ঢুকে মালিক গোবিন্দ চন্দ্র বর্মণ ও কর্মচারী নুরুল মিয়াকে (৪৫) অস্ত্রের মুখে জিম্মি করে দোকান থেকে বের করে দেয়। এরপর তারা দোকান থেকে সব স্বর্ণালংকার লুট করে। যাওয়ার সময় তারা দোকানের সিসি ক্যামেরার যন্ত্রাংশ চাপাতি দিয়ে কুপিয়ে ভেঙে ব্যাগে ভরে নিয়ে যায়। চলে যাওয়ার সময় ডাকাত দল আরও কয়েকটি ককটেলের বিস্ফোরণ ঘটায়। তিনি জানান, ডাকাতেরা জিনজিরা লছমনগঞ্জ গ্রামের গলি দিয়ে পালিয়ে যায়।