কেরানীগঞ্জে তিন জনের লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কেরানীগঞ্জের মীরেরবাগ, খেজুরবাগ ও বুড়িগঙ্গা নদীর মাঝ এলাকা থেকে তিনজনের লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বেলা সাড়ে ১২টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত সময়ে এই লাশ তিনটি উদ্ধার করা হয়।

দক্ষিণ কেরানীগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মো. সিদ্দিকুর রহমান জানান, আজ বিকেল পাঁচটার দিকে বুড়িগঙ্গা নদীর সদরঘাট এলাকার মাঝ নদী থেকে ভাসমান অবস্থায় এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। তবে লাশের পরিচয় জানা যায়নি। বেলা দেড়টার দিকে দক্ষিণ কেরানীগঞ্জের খেজুরবাগ সাতপাখি এলাকা থেকে গলায় ফাঁস দেওয়া অবস্থায় মনির হোসেন (২৫) নামের একজন পোশাক শ্রমিকের লাশ উদ্ধার করা হয়। নিহতের হাতে কালো ফোলা জখম ও গলায় কালো দাগ ছিল। জানা গেছে, নিহত মনির একটি এমব্রয়ডারি কারাখানায় কাজ করতেন।

মো. সিদ্দিকুর রহমান আরও জানান, বেলা সাড়ে ১২ টার দিকে কেরানীগঞ্জের মীরেরবাগ গুদারাঘাট থেকে চল্লিশোর্ধ্ব এক ব্যক্তির মাথাবিহীন লাশ উদ্ধার করেছে। ওই লাশের পরনে সাদা ডোরাকাটা শার্ট ও কালো প্যান্ট ছিল। তিনি বলেন, মৃতদেহ তিনটি ময়না তদন্তের জন্য সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।