কেরানীগঞ্জে নিহত চারজনের পরিচয় মিলেছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকার কেরানীগঞ্জের কদমপুর এলাকার একটি বাসা থেকে গতকাল চারজনের লাশ উদ্ধার করে পুলিশ l ছবি: প্রথম আলো
ঢাকার কেরানীগঞ্জের কদমপুর এলাকার একটি বাসা থেকে গতকাল চারজনের লাশ উদ্ধার করে পুলিশ l ছবি: প্রথম আলো

ঢাকার কেরানীগঞ্জ উপজেলার আব্দুল্লাহপুরের কদমপুর এলাকায় একই পরিবারের নিহত চারজনের পরিচয় আজ বৃহস্পতিবার পাওয়া গেছে। এ ব্যাপারে আজ থানায় মামলা হয়েছে।

নিহত ব্যক্তিরা হলেন সাজু আহমেদ (৩৫), তাঁর স্ত্রী রঞ্জি বেগম (২৭), ছেলে ইমরান (৭), মেয়ে সানজিদা মনি (৫)। তাদের গ্রামের বাড়ি পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার খারিজা তানজি এলাকায়।

আজ বিকেল চারটার দিকে নিহত সাজুর বড় ভাই মো. বশির রাজধানীর স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে গিয়ে লাশ শনাক্ত করেন। মো. বশির উদ্দিন প্রথম আলোকে জানান, সাজু প্রায় ১৫-১৬ বছর ঢাকায় থাকেন। তিনি কেরানীগঞ্জের রামেরকান্দা এলাকায় তানজুর বাড়িতে ভাড়া থাকতেন। সাজু ওই এলাকার ওসমান মেম্বার নামের এক লোকের মাটির ট্রাক চালাতেন। কিন্তু দুই মাস ধরে সাজুর সঙ্গে পরিবারের কোনো যোগাযোগ ছিল না বলে তিনি দাবি করেন। তিনি আরও বলেন, গতকাল পুলিশ পঞ্চগড়ে সাজুর শ্বশুরবাড়িতে ফোন করে সাজু ও তাঁর পরিবারের সদস্যদের মৃত্যুর কথা জানায়।

এ ব্যাপারে সাজুর শ্বশুরবাড়ির লোকজন যোগাযোগ করলে মো. বশির আজ ঢাকায় মর্গে গিয়ে মৃতদেহ শনাক্ত করেন বলে জানালেন। তিনি বলেন, ‘তী কারণে আমার ভাইকে কারা হত্যা করেছে জানি না।’

দক্ষিণ কেরানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামালউদ্দিন মীর জানান, আজ বিকেলে মো. বশির দক্ষিণ কেরানীগঞ্জ থানায় হত্যার অভিযোগে হত্যা মামলা করেছেন। মামলায় কয়েকজন অজ্ঞাত ব্যক্তিকে আসামি করা হয়েছে। এ ঘটনায় আক্কাস, সোহেল ও রফিকের স্ত্রী জানু বেগমকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

আক্কাস মিয়ার স্ত্রী জোসনা বেগম জানান, তাঁর স্বামী কয়েক বছর ধরে ঢাকা-মাওয়া সড়কে সিএনজি অটোরিকশা চালান। রফিক নামে তাঁর বন্ধু আছে বলে তিনি শুনেছেন, তিনিও সিএনজি অটোরিকশার চালক। কিন্তু তিনি কখনো তাঁকে দেখেননি বলে দাবি করলেন। জানালেন, যারা মারা গেছেন, তাদেরও তিনি চিনেন না।

গতকাল বুধবার সকালে ওই বাড়ি থেকে দুই শিশুসহ চারজনের মৃতদেহ উদ্ধার করে পুলিশ। পুলিশের ধারণা, দুই-তিন দিন আগে তাদের শ্বাসরোধে হত্যা করা হয়।

আরও জানতে পড়ুন