কেরানীগঞ্জে নোংরা পরিবেশে টমেটো সস জেলি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কেরানীগঞ্জের কালিন্দী ও বন্দমান্দাইল এলাকায় অপরিচ্ছন্ন ও নোংরা পরিবেশে খাদ্যপণ্য তৈরির দায়ে দুটি প্রতিষ্ঠানকে পাঁচ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল রোববার বিকেলে ঢাকা জেলা প্রশাসন, ১-আমর্ড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) ও বাংলাদেশ স্ট্যান্ডার্ড অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশনের যৌথ উদ্যোগে এ আদালত পরিচালিত হয়।
ঢাকা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট তৌহিদ এলাহী প্রথম আলোকে বলেন, দীর্ঘদিন ধরে বিএসটিআইয়ের অনুমোদন ছাড়া কেরানীগঞ্জের কালিন্দীতে জে আহমেদ ফুড প্রোডাক্টস গোল্ডেন ফুডস নামে নিম্নমানের ভেজাল টমেটো সস, জ্যাম, জেলি আচার তৈরি করে আসছিল। কারখানার পরিবেশ ছিল অপরিচ্ছন্ন ও নোংরা। এই দায়ে প্রতিষ্ঠানটিকে দুই লাখ টাকা জরিমানা, অনাদায়ে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। এ ছাড়া অস্বাস্থ্যকর পরিবেশে মোরব্বা, জেলি ও জ্যাম তৈরির দায়ে কেরানীগঞ্জের বন্দমান্দাইল এলাকায় বাসার ফুড প্রোডাক্টসকে তিন লাখ টাকা জরিমানা, অনাদায়ে দুই মাস বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
১-এপিবিএনের এএসপি আমরিন খাইরুল বলেন, প্রতিষ্ঠান দুটিকে দীর্ঘদিন নজরদারি করার পর প্রাপ্ত তথ্যের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়। প্রায় লক্ষাধিক টাকা মূল্যমানের বিপুল পরিমাণে অস্বাস্থ্যকর ও ভেজাল খাদ্য জব্দ করে জনসম্মুখে ধ্বংস করা হয়। প্রতিষ্ঠানগুলোতে কোনো ধরনের স্বাস্থ্যসম্মত ব্যবস্থাপনা ছিল না। এ ছাড়া মশা-মাছি, দুর্গন্ধ, স্যাঁতসেঁতে পরিবেশে নিম্নমানের পণ্যসামগ্রী ব্যবহার করে খাদ্যদ্রব্য প্রস্তুত করতে দেখা যায়।