কেরানীগঞ্জে নৈশপ্রহরী ও গাজীপুরে নারী খুন
ঢাকার কেরানীগঞ্জ উপজেলার কলাতিয়া এলাকায় বাংলালিংকের টাওয়ারের নৈশপ্রহরী মো. জুয়েলকে (৩৬) গত শনিবার রাতে দুর্বৃত্তরা কুপিয়ে হত্যা করেছে। গতকাল রোববার গাজীপুর সিটি করপোরেশনের বাড়িয়ালি এলাকা থেকে এক নারী পোশাকশ্রমিকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
কেরানীগঞ্জ মডেল থানার উপপরিদর্শক (এসআই) মো. মনিরুজ্জামান বলেন, শনিবার রাত সাড়ে ১২টার দিকে পুলিশ কলাতিয়ার সিরাজনগর রাস্তার পাশ থেকে জুয়েলের লাশ উদ্ধার করে। তাঁর বুকে ও পিঠে ধারালো অস্ত্রের আঘাত ছিল।
জুয়েলের শ্বশুর আ. রব মিয়া বলেন, জুয়েলের বাড়ি পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলার পশ্চিম সুবিদ গ্রামে। ১৫ বছর আগে তাঁর মেয়ে আসমা বেগমকে বিয়ে করে চর আকছাইল গ্রামে তাঁদের বাসায় বসবাস শুরু করেন। শনিবার সন্ধ্যায় কাজে যাওয়ার কথা বলে জুয়েল বাসা থেকে বের হয়। রাত দুইটার দিকে পুলিশের কাছ থেকে তাঁর হত্যার সংবাদ পান।
গাজীপুরের জয়দেবপুর থানার পুলিশ ও এলাকাবাসী সূত্র জানায়, সিটি করপোরেশনের টেকনগপাড়া এলাকায় ভাড়া থেকে হাসিনা বেগম (৩২) একটি পোশাক কারখানায় চাকরি করতেন। শনিবার রাত আটটার দিকে কারখানার উদ্দেশ্যে বাসা থেকে বের হন তিনি। গতকাল সকালে বাড়ির পাশে বাড়িয়ালি এলাকায় লোকজন গলায় ওড়না প্যাঁচানো অবস্থায় তাঁর লাশ পড়ে থাকতে দেখেন। সকাল ১০টার দিকে পুলিশ লাশ উদ্ধার করে। তিনি ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার এনায়েতপুর গ্রামের আবদুল ছাত্তার মিয়ার স্ত্রী।