কেরানীগঞ্জে নৈশপ্রহরী খুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার কেরানীগঞ্জ উপজেলায় পান্না মিয়া নামের এক নৈশপ্রহরী খুন হয়েছেন। অভিযোগ উঠেছে, গত বৃহস্পতিবার রাতে দক্ষিণ কেরানীগঞ্জের হাসনাবাদ এলাকায় নির্মাণাধীন একটি ভবনের পাশে ছাপরা ঘরে তাঁকে কাঠ ও লাঠি দিয়ে পিটিয়ে হত্যা করা হয়েছে।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, বসুন্ধরা রিভার ভিউ আবাসন প্রকল্পের এ ব্লকে নির্মাণাধীন বিকেএস মিশন ভবনের নৈশপ্রহরীর দায়িত্ব পালন করছিলেন পান্না মিয়া (৬৫)। তিনি বৃহস্পতিবার সন্ধ্যা সাতটার দিকে তাঁর ছাপরা ঘরে বিশ্রাম নিতে যান। একপর্যায়ে দুর্বৃত্তরা ওই ঘরে ঢুকে তাঁকে কাঠ ও লাঠি দিয়ে পিটিয়ে হত্যা করে চলে যায়। পরে তাঁর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ মর্গে পাঠায় পুলিশ।
বিকেএস মিশন ভবনের নির্মাণকাজ তদারককারী নুরুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘রাত সাড়ে আটটার দিকে তাঁর ঘরে গিয়ে দেখি, পান্নার রক্তাক্ত লাশ পড়ে আছে। পরে পুলিশকে খবর দেওয়া হয়।’
পান্নার ছেলে মো. মামুন বলেন, ‘আমাদের গ্রামের বাড়ি টাঙ্গাইলের নাগরপুর থানার গয়হাট এলাকায়। ছয় দিন আগে আমার বাবা এখানে কাজে আসেন। কী কারণে তাঁকে কারা খুন করেছে, বুঝতেই পারছি না।’
দক্ষিণ কেরানীগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) লাল মিয়া বলেন, এ ঘটনায় হত্যা মামলা হয়েছে। তদন্ত চলছে।