কেরানীগঞ্জে নৈশপ্রহরীর লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার কেরানীগঞ্জের কলাতিয়া এলাকায় বাংলালিংক টাওয়ারের নৈশপ্রহরী মো. জুয়েলের (৩৬) লাশ গতকাল শনিবার রাতে উদ্ধার করেছে পুলিশ। তবে এ ঘটনায় এখনো কেউ গ্রেপ্তার হয়নি।

জুয়েলের বাড়ি পটুয়াখালীর মির্জাগঞ্জ থানার পশ্চিম সুবিদ গ্রামে।

কেরানীগঞ্জ মডেল থানার উপপরিদর্শক (এসআই) মো. মনিরুজ্জামান বলেন, গতকাল রাত ১২টার দিকে সিরাজনগর এলাকার রাস্তার পাশ থেকে জুয়েলের লাশ উদ্ধার করা হয়। লাশটি ময়নাতদন্তের জন্য মিটফোর্ড হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। জুয়েলের বুকে, পিঠে ধারালো অস্ত্রের আঘাত ছিল। এ ব্যাপারে তদন্ত চলছে বলে তিনি জানান।

জুয়েলের শ্বশুর মো. আ. রব বলেন, গতকাল সন্ধ্যা ছয়টার দিকে কাজের কথা বলে জুয়েল বাসা থেকে বের হয়। রাত দুইটার দিকে তাঁরা পুলিশের কাছ থেকে তাঁর লাশ উদ্ধারের খবর পান।