কেরানীগঞ্জে পাঁচ ফার্মেসিকে জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অনিবন্ধিত, বিক্রয় নিষিদ্ধ, ভেজাল ও বিদেশি ওষুধ বিক্রি বন্ধে কেরানীগঞ্জে অভিযান চালিয়েছেন র্যাবের ভ্রাম্যমাণ আদালত। এ সময় পাঁচটি ফার্মেসির মালিক ও কর্মচারীকে জেল ও জরিমানা করা হয়েছে। সাজাপ্রাপ্ত ব্যক্তিদের মধ্যে মেসার্স অপু ফার্মেসির মালিক কামাল হোসেনকে ১ লাখ ২৫ হাজার টাকা জরিমানা, অনাদায়ে তিন মাসের জেল; মায়ের দোয়া মেডিসিন কর্নারের কর্মচারী আব্বাস উদ্দিনকে এক মাসের কারাদণ্ড; হাওলাদার মেডিসিন হলের মালিক মনোজ কান্তি হাওলাদারকে ৭৫ হাজার টাকা জরিমানা, অনাদায়ে দুই মাসের জেল; গ্রিন লাইফ ফার্মেসির মালিক মো. খলিলুর রহমানকে ৪০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে এক মাসের জেল এবং আল রিয়াদ ফার্মেসির কর্মচারী সোলায়মান হোসেনকে তিন মাসের জেল দেওয়া হয়।
র্যাব-১০ জানায়, গতকাল মঙ্গলবার দুপুরে দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন চরকালীগঞ্জ তৈলঘাট এলাকায় এই অভিযান চালান র্যাব-১০ ক্রাইম প্রিভেনশন কোম্পানির সদস্যরা। অভিযানে নেতৃত্ব দেন র্যাব-১০ ক্রাইম প্রিভেনশন কোম্পানির (সিপিসি-২) কোম্পানি কমান্ডার মেজর মঞ্জুর মোর্শেদ। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন র্যাবের সদর দপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সারোয়ার আলম।
অভিযানে সহযোগিতা করেন ঔষধ প্রশাসন অধিদপ্তরের ড্রাগ সুপার মো. নাজমুল হাসান।