কেরানীগঞ্জে পুলিশি হয়রানির অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার কেরানীগঞ্জের বাস্তা ইউনিয়নের রাজাবাড়ি কোনাখোলা সড়কে এক রিকশাচালক হত্যার ঘটনায় পুলিশ সাধারণ মানুষকে হয়রানি করছে বলে অভিযোগ পাওয়া গেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, গত শুক্রবার রাত ১০টার দিকে ছিনতাইকারীরা সোহেল মিয়া (৪০) নামের এক রিকশাচালককে পিটিয়ে আহত করে রাজাবাড়ি কোনাখোলা সড়কের বোয়ালিয়া এলাকায় ফেলে রাখে। খবর পেয়ে তাঁকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে পুলিশ। পরে চিকিৎসাধীন অবস্থায় শনিবার ভোরে তাঁর মৃত্যু হয়। এ ঘটনায় নিহত সোহেল মিয়ার মা জায়েদা বেগম দক্ষিণ কেরানীগঞ্জ থানায় মামলা করেন। এরপর থেকে পুলিশ সাধারণ মানুষকে হয়রানি করছে।

গতকাল বুধবার দুপুরে কেরানীগঞ্জের বারতা গ্রামে গিয়ে দেখা যায়, গ্রামের অর্ধশতাধিক হিন্দু পরিবারের পুরুষেরা বাড়িতে নেই। গ্রেপ্তার–আতঙ্কে বাড়িঘর ছেড়ে তাঁরা অন্যত্র পালিয়ে বেড়াচ্ছেন বলে পরিবারের নারীরা জানান।

বারতা গ্রামের এক হিন্দু নারী বলেন, ‘সোহেলকে রাতের আঁধারে কে বা কারা হত্যা করেছে তা আমরা জানি না। অথচ রোববার রাত দেড়টার দিকে পুলিশ আমাদের গ্রামে হানা দিয়ে জ্যোতির্ময় মণ্ডল (৫৮), বিপুল মণ্ডল (১৯), দীপ্ত মণ্ডল (১৩) ও স্কুলছাত্র লিটন মণ্ডলকে ধরে নিয়ে যায়। পরের দিন জ্যোতির্ময় ও লিটন মণ্ডলকে ছেড়ে দেয় পুলিশ।’ কয়েকজন হিন্দু নারী বলেন, ‘মঙ্গলবার রাতে পুলিশ পুনরায় এসে হত্যায় কারা জড়িত তা জানতে চায় এবং আমাদের ভয়ভীতি দেখায় ও গালমন্দ করে। এরপর থেকে এই গ্রামের বয়োবৃদ্ধসহ পুরুষেরা বাড়িঘর ছেড়ে অন্যত্র পালিয়ে বেড়াচ্ছেন। আমরা পুলিশের এ রকম হয়রানিমূলক আচরণ থেকে রেহাই চাই।’

এ বিষয়ে জানতে চাইলে মামলার তদন্ত কর্মকর্তা এসআই (উপপরিদর্শক) আমির হামজা বলেন, সোহেল হত্যার ঘটনার পর মামলার মূল হোতা রেজাউলসহ পাঁচজনকে গ্রেপ্তার করা হয়। আদালতে দেওয়া তাঁদের স্বীকারোক্তি অনুযায়ী বিপুল মণ্ডল (১৯) ও দীপ্ত মণ্ডলকে (১৩) গ্রেপ্তার করা হয়। তিনি আরও বলেন, ‘পুলিশের বিরুদ্ধে হিন্দু পরিবারগুলো মিথ্যা তথ্য দিয়ে বিভ্রান্ত করার চেষ্টা করছে। আমরা মূলত এ হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেপ্তারে অভিযান চালাচ্ছি, সাধারণ মানুষকে হয়রানির উদ্দেশ্যে নয়।’