কেরানীগঞ্জে পুলিশের গুলিতে সন্দেহভাজন ডাকাত নিহত
কেরানীগঞ্জে পুলিশের গুলিতে অজ্ঞাতনামা এক সন্দেহভাজন ডাকাত (২৮) নিহত হয়েছে। গত রোববার দিবাগত রাত আড়াইটার দিকে ঢাকা-নবাবগঞ্জ সড়কের কেরানীগঞ্জ মডেল থানাধীন প্রহরীভিটা এলাকায় ডাকাতির চেষ্টাকালে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ।
পুলিশের ভাষ্যমতে, রোববার দিবাগত রাত আড়াইটার দিকে প্রহরীভিটা এলাকায় ১০-১২ জনের একটি সংঘবদ্ধ ডাকাত দল সড়কে গাছের গুঁড়ি ফেলে গাড়ি থামিয়ে ডাকাতির চেষ্টা করছিল। খবর পেয়ে টহল পুলিশ ঘটনাস্থলে গেলে ডাকাত দল তাদের ধাওয়া করে। পুলিশ তখন আত্মরক্ষার্থে ফাঁকা গুলি করে ওই ডাকাতদের আত্মসমর্পণ করার আহ্বান জানায়। তবে ডাকাত সদস্যরা পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় পুলিশ পেছন থেকে গুলি ছুড়লে অজ্ঞাতনামা এক ডাকাত নিহত হয়। অন্যরা পালিয়ে যায়। নিহত ব্যক্তির বাঁ কানের নিচে, পেটে ও কোমরে তিনটি গুলিবিদ্ধ হয়েছে। তার পরনে ছিল কালো হাফ প্যান্ট ও সবুজ গেঞ্জি।
কেরানীগঞ্জ মডেল থানার উপপরিদর্শক মনোয়ার হোসেন জানান, ঘটনাস্থল থেকে পুলিশ ডাকাতির কাজে ব্যবহৃত একটি রামদা ও তিনটি ছুরি উদ্ধার করেছে।
কেরানীগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মজিবর রহমান জানান, এ ঘটনায় পৃথক দুটি মামলা হয়েছে। গতকাল সন্ধ্যা পর্যন্ত নিহত ব্যক্তির পরিচয় পাওয়া যায়নি।